২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারকে নিয়ে এশীয় নেতাদের বিরল আশাবাদ

মিয়ানমার জান্তা সরকারকে নিয়ে রোববার বিরল আশা প্রকাশ করেছেন এশিয়ার নেতারা। মিয়ানমার সরকার গোলযোগপূর্ণ উত্তরাঞ্চলকে স্থিতিশীল করা থেকে শুরু করে গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী গৃহবন্দি অং সান সুচির প্রতি নমনীয়তা প্রদর্শন করবে---এমনটিই মনে করছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 07:11 AM

Updated : 26 Aug 2022, 12:16 PM

হুয়া হিন, থাইল্যান্ড, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----মিয়ানমার জান্তা সরকারকে নিয়ে রোববার বিরল আশা প্রকাশ করেছেন এশিয়ার নেতারা। মিয়ানমার সরকার গোলযোগপূর্ণ উত্তরাঞ্চলকে স্থিতিশীল করা থেকে শুরু করে গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী গৃহবন্দি অং সান সুচির প্রতি নমনীয়তা প্রদর্শন করবে---এমনটিই মনে করছেন তারা। থাইল্যান্ডে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন (আসিয়ান) সম্মেলনে মিয়ামারের প্রধানমন্ত্রী থিন সিনের সঙ্গে বৈঠক শেষে নেতারা এ প্রত্যাশা ব্যক্ত করেন। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় ১৬ টি দেশের এ সম্মেলনে নেতারা বলেন, মিয়ানমার স্বীকার করেছে, তারা অবাধ নির্বাচন করতে পারে এটি বিশ্বকে দেখানো প্রয়োজন। গত ২০ বছরের মধ্যে ১৪ বছরই সুচিকে গৃহবন্দি করে রেখেছে মিয়ানমার জান্তা সরকার। গত আগস্টে এক মার্কিন নাগরিকের সু চির বাংলোতে অনুপ্রবেশের অভিযোগে আরেক দফায় তার গৃহবন্দিত্বের মেয়াদ ১৮ মাস বাড়িয়েছে সরকার। আগামী বছর অনুষ্ঠেয় নির্বাচন শুধুই সাজানো নাটক হবে কিনা এর ফলে এ প্রশ্নের উদ্ভব হয়েছে। থাই প্রধানমন্ত্রী অভিসিৎ ভেজ্জাজিভা জানিয়েছেন, সু চি আবারও সামাজিক এবং সম্ভবত রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন বলে মিয়ানমার বৈঠকে জানিয়েছে। তবে কবে নাগাদ তা সম্ভব হবে সে বিষয়ে কোনো সময়সীমা জানায়নি তারা। থাইল্যান্ডের পর্যটন শহর হুয়া হিনে মিয়ানমারের নেতার সঙ্গে কথা বলেন অভিসিৎ। অভিসিৎ বলেন "তিনি আলোচনা চলছে এমন কিছু বিষয় সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন এবং সু চি জাতীয় সংহতি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলেও তিনি মনে করেন।" ১৯৯০ সালের পর আগামী বছর প্রথম মিয়ানমারে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৯০ এর ওই নির্বাচনে সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২০৭ ঘ.