ওয়াশিংটন, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে প্রেসিডেন্ট হামিদ কারজাই জয়ী হলে সরকারে যোগ দেবেন না বলে জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ আবদুল্লাহ।
সিএনএন এর সঙ্গে এক সাক্ষাৎকারে আব্দুল্লাহ একথা বলেন। শনিবার এক প্রতিবেদনে আব্দুল্লাহর কিছু মন্তব্য এবং ওয়েবসাইটে তার সাক্ষাৎকারটি প্রকাশ করেছে। রোববার সম্পূর্ণ সাক্ষাৎকারটি প্রচার করা হবে।
এর আগে প্রেসিডেন্ট হামিদ কারজাই জানিয়েছিলেন, তার সরকারে তিনি আব্দুল্লাহকেও স্বাগত জানাবেন। এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে আব্দুল্লাহ বলেন, "এ ব্যাপারে তার একেবারেই কোনো আগ্রহ নেই"।
সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি পরিবর্তনের জন্যই তিনি প্রেসিডেন্ট হতে চান। একই অবনতিশীল পরিস্থিতির অংশ হওয়ার জন্য নয়।
আফগানিস্তানের সবচেয়ে বড় আদিবাসী পশতুনদের সমর্থনের কারণে দ্বিতীয় দফা ভোটে প্রেসিডেন্ট কারজাই জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে।
তাছাড়া, সরকার প্রথম দফা ভোটে হস্তক্ষেপ করেছে বলেও অভিযোগ করেছেন তিনি।
আব্দুল্লাহ বলেন, "৭ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের ফল স্বচ্ছ্ব ও বিশ্বাসযোগ্য প্রক্রিয়ায় সম্পন্ন হলে এবং তাতে কারজাই জয়ী হলে পরিবর্তনের কর্মসূচি নিয়ে তিনি বিরোধীদলে অবস্থান করবেন।"
তিনি আরও বলেন, "তিনি কেন্দ্রীয় প্রেসিডেন্ট পদ্ধতিকে পার্লামেন্ট পদ্ধতিতে পরিবর্তন করতে চান....সত্যিকার অর্থে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন, নিরপেক্ষ বিচার বিভাগসহ আরও অনেক লক্ষ্য অর্জনের জন্য তিনি চাপ দিয়ে যাবেন।"
পশ্চিমা বিশ্বের ক্রমাগত চাপের মুখে দ্বিতীয় দফা ভোটে রাজি হয়েছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। শুক্রবার সিএনএন এর সঙ্গে সাক্ষাৎকারে কারজাই বলেন, আগস্টের নির্বাচনের সময় কিছু ভুল হয়েছিল। তবে সব মিলিয়ে নির্বাচন নিরপেক্ষ ছিল।
তবে কারজাইয়ের একথার প্রেক্ষিতে আব্দুল্লাহ বলেন, "এ নির্বাচনকে নিরপেক্ষ বলা মানে হচ্ছেৃৃৃ..কারজাইয়ের ওপর পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, বিষয়গুলোকে অবহেলা করা। দুর্ভাগ্যজনকভাবে, সরকার এতে জড়িত ছিল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৫৫ ঘ.
bdnews24