তেহরান, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা পরিদর্শন করতে ইরানে পৌঁছেছে জাতিসংঘ পরিদর্শক দল। ইরান গত মাসে নতুন এই স্থাপনার কথা ঘোষণা করে। ইরান গোপনে পরমাণু বোমা তৈরি করছে বলে পশ্চিমাদের সন্দেহ। তবে ইরান এ অভিযোগ অস্বীকার করেছে।
ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র আলী শিরজাদিয়ান রোববার রয়টার্সকে বলেছেন, "তারা নিয়মিত পরিদর্শনে গত রাতে এখানে পৌঁছেছেন।"
জাতিসংঘের এই বিশেষজ্ঞরা ইরানের ২য় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট পরিদর্শন করবেন। তেহরানের ১৬০ কিলোমিটার দক্ষিণে কওম নগরীর কাছে এই প্ল্যান্টের নির্মাণকাজ চলছে।
জাতিসংঘ পরিদর্শকরা এ প্ল্যান্ট পরিদর্শনের জন্য তিনদিন ইরানে থাকবেন বলে জানিয়েছে বিবিসি।
ইরান তিন বছর এই প্ল্যান্টের কথা গোপন রাখার পর গত মাসে তা প্রকাশ করে। এতে পশ্চিমাদের সন্দেহ আরও বেড়ে যায়।
সমৃদ্ধ ইউরেনিয়াম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসাবে ব্যবহার করা যায়। আরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করা যায় পরমাণু বোমা তৈরিতে।
ইরান বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজেই ইউরেনিয়াম সমৃদ্ধ করার কথা বলে আসছে।
১ অক্টোবরে জেনেভায় ছয় বিশ্বশক্তির সঙ্গে আলোচনায় ইরান তাদের নতুন স্থাপনাটি জাতিসংঘ অস্ত্র পরিদর্শকদের পরিদর্শন করতে দিতে রাজি হয়। পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ কমাতে এ পদক্ষেপ নেয় ইরান।
তবে জেনেভায় শুক্রবার ২য় দফা আলোচনায় ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানোর পরিকল্পনায় সন্দেহ প্রকাশ করায় নতুন করে অচলবস্থা দেখা দিয়েছে।
জাতিসংঘের সংস্থা আইএইএ তেহরানের কমসমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমাতে বুধবার একটি খসড়া চুক্তি ইরান ও তিন বিশ্বশক্তির কাছে পেশ করে দু'দিনের মধ্যে তা অনুমোদন করতে বলে।
কিন্তু ইরানের কর্মকর্তারা বলেছেন, তেহরান পারমাণবিক চিকিৎসার লক্ষ্যে পরমাণু চুল্লির জ্বালানি হিসেবে সমৃদ্ধ ইউরেনিয়ান বিদেশ থেকে জোগাড় করতে চায়। নিজের সমৃদ্ধ ইউরেনিয়াম বাইরে পাঠাতে চায় না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪০৫ ঘ.
bdnews24