জুরিখ, ২৪ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শিশুর সঙ্গে যৌনকর্ম করার অভিযোগে চলচ্চিত্র পরিচালক রোমান পোলানস্কিকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হলে তার দুই বছরের সাজা হতে পারে। ১৮৭৮ সালের এই অভিযোগে তাকে যুক্তরাষ্ট্র পাঠাতে সুইজারল্যান্ডের কাছে অনুরোধ জানিয়ে আসছে মার্কিন আদালত। সুইজারল্যান্ডের বিচার মন্ত্রণালয় শুক্রবার একথা বলেছে।
সুইচ বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র ফোলকো গ্যালি বলেছেন, "যুক্তরাষ্ট্র একটি শিশুর সঙ্গে যৌনকর্মের অভিযোগে তাকে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে। মার্কিন আইন অনুযায়ী সেখানে তার সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে।"
যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক অনুরোধের জবাবে সুইজারল্যান্ড জানিয়েছে, পোলানস্কির আইনজীবীর দেওয়া তথ্যাবলী ও এ সংক্রান্ত শুনানির পর তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এ ক্ষেত্রে কোনো সময়সীমা নেই।
তবে গ্যালি বলেছেন, "তিনি যদি স্বেচ্ছায় যেতে রাজি হন, তবে প্রক্রিয়াটি হয়তো দ্রুত শেষ হবে। আর তিনি যদি আইনি লড়াই চালিয়ে যেত চান তবে মাসের পর মাস লেগে যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯১২ ঘ.
bdnews24