২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোটকাই পুনর্দখল করেছে পাকিস্তানি সেনারা

পাকিস্তানের সেনাবাহিনী হেলিকপ্টার গানশিপ এবং কামান-মর্টারের গোলার সহায়তায় প্রচণ্ড লড়াইয়ের পর তালবেনদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কোটকাই শহর পুনর্দখল করেছে। কর্মকর্তারা শনিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2009, 11:41 AM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ডেরা ইসমাইল খাঁ, পাকিস্তান, ২৪ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের সেনাবাহিনী হেলিকপ্টার গানশিপ এবং কামান-মর্টারের গোলার সহায়তায় প্রচণ্ড লড়াইয়ের পর তালবেনদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কোটকাই শহর পুনর্দখল করেছে। কর্মকর্তারা শনিবার একথা জানিয়েছেন। সপ্তাহ খানেক আগে পাকিস্তান সেনাবাহিনী তালেবানদের উৎপাটনের জন্য দক্ষিণ ওয়াজিরিস্তানে অভিযান শুরুর পর প্রধান জঙ্গি ঘাঁটির প্রবেশপথের গুরুত্বপূর্ণ শহর কোটকাইর তিনবার হাতবদল হয়। আফগানিস্তান সীমান্তবর্তী পার্বত্য দুর্গম অঞ্চলটি থেকে তালেবানদের হটানো কতোটা কঠিন তারই প্রমাণ দিচ্ছে এ ঘটনা। কোটকাই পাকিস্তানে আত্মঘাতী হামলাকারীদের গুরু বলে পরিচিত ক্বারী হোসেন মেহসুদের নিজ শহর। পাকিস্তানি তালেবান প্রধান হাকিমুল্লাহ মেদসুদের জন্মস্থানও এটি। সেনারা সোমবার প্রথম কোটকাই দখল করার পরদিনই তালেবানরা তা পুনর্দখল করেছিল। শনিবার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেছেন, নিরাপত্তা বাহিনী শুক্রবার সন্ধ্যায় শহরটিতে প্রবেশ করেছে। এখন তারা শহরে আনাচে-কানাচে তল্লাশি চালিয়ে তালেবান মুক্ত করে তুলছে। নাম না প্রকাশের শর্তে তিনি বলেন, "ভয়ঙ্কর লড়াইয়ের পর আমাদের সেনারা কোটকাইর নিয়ন্ত্রণ নিয়েছে এবং এখন সেখানে তালেবান নির্মূলের অভিযান এগিয়ে চলেছে।" আরেকজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, সেখানে লড়াইয়ে কমপক্ষে আট তালেবান নিহত হয়েছে। কর্মকর্তারা জানান, নিরাপত্তা বাহিনী এখন তালেবানদের আরেকটি ঘাঁটি এলাকা কানিগোরামের দিকে অগ্রসর হচ্ছে। গত কয়েক সপ্তাহে জঙ্গিরা একের পর এক বোমা ও আত্মঘাতী হামলা চালিয়ে পাকিস্তান কাঁপিয়ে তুললে সেনাবাহিনী শনিবার দক্ষিণ ওয়াজিরিস্তানে অভিযান শুরু করেছে। জঙ্গি নিয়ন্ত্রিত এ অঞ্চলটি নিয়ন্ত্রণে নেওয়া পাকিস্তান সরকারের জন্য একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। অভিযানের শুরুর দিকে সেনাবাহিনী হালকা প্রতিরোধের সম্মুখীন হয়। তবে সেনারা দুর্গম পাহাড়ি এলাকায় জঙ্গিদের আস্তানায় এগিয়ে যাওয়ার পর্যায়ে লড়াই তীব্রতর হয়েছে। জঙ্গিদের আন্তঃসীমান্ত চলাচল বন্ধ করতে পাকিস্তান সেনাবাহিনী গত বুধবার ন্যাটোবাহিনীর প্রতি আফগান সীমান্ত বন্ধ করে দেওয়ার আহ্বান জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭২৫ ঘ.