মস্কো, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের কমসমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমাতে জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থার প্রস্তাবে রাজি আছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ শুক্রবার একথা বলেছেন।
মস্কোয় সাংবাদিকদের লেভরভ বলেন, "ওই প্রস্তাবে রাজি আছি। আমরা কেবল ইরানকেই বিবেচনায় নিচ্ছি না, প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়ন করতে আলোচনায় অংশ নেওয়া অন্যদের ওপরও আমরা নির্ভর করছি।"
জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থা আইএইএ বুধবার তেহরানের কমসমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমাতে একটি খসড়া চুক্তি ইরান ও তিন বিশ্বশক্তির কাছে পেশ করে দু'দিনের মধ্যে তা অনুমোদন করতে বলেছে। পশ্চিমের সন্দেহ, ওই ইউরেনিয়াম থেকে পরমাণু বোমা বানানোর ঝুঁকি রয়েছে।
ইরান এই পরিকল্পনা অনুমোদন করবে কি না সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। পশ্চিমা কূটনীতিকরা বলেছেন, জানা মতে ইরানের কাছে যে দেড়লাখ টন কম-সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, পরিকল্পনা অনুযায়ী তার প্রায় ১দশমিক ২ টন এই বছরের মধ্যে রাশিয়া ও ফ্রান্সে পাঠাতে হবে। সেখানে এগুলো পরমাণু চিকিৎসার জ্বালানিতে পরিণত করে তেহরানে ফেরত পাঠানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮৪৪ ঘ.
bdnews24