২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান আফিমের বড় ভোক্তা ইউরোপ, রাশিয়া ও ইরান

আফগানিস্তানে চাষ হওয়া পপি থেকে উৎপাদিত হচ্ছে ৬৫ বিলিয়ন ডলারের হেরোইন ও আফিম এবং তা নেশা জোগাচ্ছে ১৫ মিলিয়ন আসক্ত মানুষের। আর এই পরিমাণ নেশার উপকরণের অর্ধেকেরই ভোক্তা হচ্ছে ইউরোপ, রাশিয়া ও ইরান। বুধবার জাতিসংঘের প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2009, 11:57 AM

Updated : 26 Aug 2022, 12:14 PM

জাতিসংঘ, ২২ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে চাষ হওয়া পপি থেকে উৎপাদিত হচ্ছে ৬৫ বিলিয়ন ডলারের হেরোইন ও আফিম এবং তা নেশা জোগাচ্ছে ১৫ মিলিয়ন আসক্ত মানুষের। আর এই পরিমাণ নেশার উপকরণের অর্ধেকেরই ভোক্তা হচ্ছে ইউরোপ, রাশিয়া ও ইরান। বুধবার জাতিসংঘের প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে। বিশ্বের আফিমের ৯২ ভাগই তৈরি হয় আফগানিস্তানে। পপির ঘন এই ক্বাথ হেরোইন তৈরিতে ব্যবহৃত হয়। প্রতিবছর আফগানিস্তান থেকে চোরপথে বের হয় সাড়ে তিন হাজার টন আফিম। রিপোর্টে বলা হয়েছে, এর দুই তৃতীয়াংশ হেরোইনে রূপান্তর করে পাঠানো নয় মধ্য এশিয়ার দেশগুলোতে। বাকিটা আফিম হিসেবেই পাচার হয়। আফগানিস্তান ত্যাগের সময় ওই আফিম ও হেরোইনের ২ শতাংশেরও কম কর্তৃপক্ষ আটক করতে সক্ষম হয়। হেরোইনের ৪০ শতাংশ পাচার হয় পাকিস্তান হয়ে, ৩০ শতাংশ যায় ইরানের ভেতর দিয়ে এবং প্রায় ২০ শতাংশ মধ্য এশিয়ার ভেতর দিয়ে পাচার হয়। মাদক ও অপরাধের রিপোর্ট সংক্রান্ত জাতিসংঘ অফিসের নির্বাহী পরিচালক অ্যান্তোনিয় মারিয়া কোস্টা বলেছেন, "আফগান/পাকিস্তান সীমান্ত অঞ্চল মাদকসহ অবৈধ সবকিছু, যেমন অস্ত্রশস্ত্র, বোমা তৈরির উপকরণ, রাসায়নিক উপকরণ, মাদক-অর্থ এবং এমনকী মানব পাচারের ক্ষেত্রেও বিশ্বের সবচেয়ে বড় উন্মুক্ত বাজার হয়ে দাঁড়িয়েছে।" কোস্টা সতর্ক করে বলেন, "মাদক ও সন্ত্রাসবাদের এই ভয়ঙ্কর ঝড় সম্ভবত মধ্য এশিয়ার দিকে অগ্রসর হচ্ছে।" তিনি বলেন, "ওই অঞ্চলের বিশাল এলাকায় ব্যাপক আকারে এই সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়তে পারে এবং এতে অঞ্চলটির বিশাল জ্বালানি সম্পদ হুমকির কবলে পড়বে। নেশারুদের হাতে পৌঁছার আগে বিশ্বব্যাপী মাত্র ২০ শতাংশ আফগান আফিম আটক হয়। দক্ষিণ আমেরিকা থেকে কোকেন ধরা পরে এর দ্বিগুণেরও বেশি। প্রতিটি সীমান্ত অতিক্রমের সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ে হেরোইনের দাম। কাবুলে এক গ্রামের দাম ৩ ডলার থেকে লন্ডন, মিলান বা মস্কোর রাস্তায় বিক্রি হয় ১০০ ডলারেও বেশি দামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৪৫ ঘ.