মোগাদিসু, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে বৃহস্পতিবার ইসলামিক বিদ্রোহী, সোমালি সরকার বাহিনী এবং আফ্রিকান ইউনিয়নের (এইউ) শান্তিরক্ষীদের মধ্যে লড়াইয়ে গোলার আঘাতে অন্ততপক্ষে ৩০ জন নিহত হয়েছে। এলাকার অধিবাসী এবং চিকিৎসাকর্মীরা একথা জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, প্রসিডেন্ট শেখ শরীফ আহমেদ উগান্ডায় বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় বিদ্রোহীরা আন্তর্জাতিক বিমানবন্দরে মর্টারের গোলা নিক্ষেপ করে। সঙ্গে সঙ্গে পাল্টা গোলা ছুড়ে এর জবাব দেয় এইউ শান্তিরক্ষীরা।
গোলায় প্রেসিডেন্ট আহত হননি বলে জানিয়েছে এইউ এর কয়েকটি সূত্র। অধিবাসীরাসহ কয়েকটি মেডিকেল সূত্র জানিয়েছে, উভয়পক্ষে গোলাবর্ষণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।
নগরীর বাকারা মার্কেটের এক দোকানদার ফারাও ওলোও রয়টার্সকে জানান, একটি গোলায় নিহত হয়েছে ৬ জন। ধ্বংস হয়েছে একটি বাড়ি। বৃষ্টির মতো গোলা এসে পড়ছিল। ফলে কতজন নিহত হয়েছে তা গুণে দেখা সম্ভব হয়নি বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২৩ ঘ.
bdnews24