২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্য আলোচনা নিয়ে চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করার শর্তাবলী নিয়ে ইসরায়েলের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্টর মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত জর্জ মিচেল। ইসরায়েলি কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2009, 07:35 AM

Updated : 26 Aug 2022, 12:14 PM

জেরুজালেম, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরু করার শর্তাবলী নিয়ে ইসরায়েলের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্টর মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত জর্জ মিচেল। ইসরায়েলি কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন। ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আলোচকদের বৈঠক শেষে ইসরায়েলি এক কর্মকর্তা বলেন, "আলোচনা আন্তরিক বলেই প্রতীয়মান হচ্ছে এবং খুব শিগগিরই ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা শুরুর আশা আছে।" অন্য এক কর্মকর্তা জানিয়েছেন, চুক্তি অনুযায়ী, নিরাপত্তা পরিষদের দুদশকের পুরোনো প্রস্তাবনা ২৪২ ও ৩৩৮ এর ভিত্তিতে ওই আলোচনা হতে পারে। এ ফলমূলায় অধিকৃত পশ্চিম তীর থেকে ইসরায়েলের সরে আসার দাবি সম্বলিত প্রস্তাবনা না থাকায় এটি ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য হতে পারে। ফিলিস্তিন অধিকৃত অঞ্চলগুলো থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে এবং ইসরায়েলকে ১৯৬৭ সালের আগের সীমার মধ্যে আবদ্ধ থাকার দাবি জানিয়েছে। নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার আওতায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আলোচনায় ফিরিয়ে আনতে রাজি করানোর আশা করছে ওয়াশিংটন। তবে আলোচনা পুনরায় শুরুর আগে পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন বন্ধের শর্ত বাদ দেওয়ার কোনও ইঙ্গিত দেননি আব্বাস। ২০০৩ সালের মার্কিন সমর্থিত শান্তি 'রোডম্যাপ' অনুযায়ী, ইহুদি বসতি স্থাপন বন্ধের দাবি জানিয়ে আসছে ফিলিস্তিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১১৫০ ঘ.