ইসলামাবাদ, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তান ইরানের দক্ষিণপূর্বাঞ্চলে রোববারের আত্মঘাতী হামলা চালানোর জন্য দায়ীদের খুঁজে বের করতে সাহায্য করবে। দোষীদের শাস্তি দিতে ইরানের অব্যাহত দাবির মুখে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বুধবার একথা বলেছেন।
ইরানের রেভল্যুশনারি গার্ডদের ওপর ওই হামলায় গার্ডের ৬ কমান্ডারসহ কমপক্ষে ৪২ জন নিহত হয়। সুন্নি মুসলিম বিদ্রোহী দল জানদোল্লাহ এই হামলার দায় স্বীকার করে।
ইরান বলেছে, এই গোষ্ঠীটি পাকিস্তানের অভ্যন্তর থেকে তৎপরতা চালায়।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মঙ্গলবার জানায়, রেভল্যুশনারি গার্ডের স্থলবাহিনীর প্রধান মোহাম্মদ পাকপৌর পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে সন্ত্রাসীদের খুঁজে বের করতে সরকারের কাছে অনুমতি চেয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি ওই টেলিভিশন প্রতিবেদন সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, ইরানের একটি প্রতিনিধি দল পাকিস্তানে আসছে আলোচনার জন্য।
রয়টার্সকে টেলিফোনে তিনি বলেন, "আমরা দায়ীদের খুঁজে বের করতে তাদের সব ধরনের সহায়তা ও সমর্থন দেব।" "দু'দেশের সরকার পর্যায়ে সব সিদ্ধাান্ত নেওয়া হবে।"
ইরান মঙ্গলবার ওই আত্মঘাতী হামলার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিন্দা প্রস্তাব দাবি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯৩৩ ঘ.
bdnews24