ডেরা ইসমাইল খাঁ, ১৭ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানি কর্তৃপক্ষ শনিবার তালেবানদের ঘাঁটি এলাকা দক্ষিণ ওয়াজিরিস্তানে কার্ফ্যু জারি করেছে। সেখানে সামরিক অভিযান শুরু করার পর্যায়ে এ ব্যবস্থা নেওয়া হল।
তালেবানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অগ্রসর হওয়ার নমুনা হিসেবে শুক্রবার সরকার ও বিরোধী দল সামরিকবাহিনীর স্থল অভিযান শুরুর প্রতি পূর্ণ সমর্থন দিয়েছে। তারা জঙ্গিদের সমূলে উৎপাটন করে অঞ্চলটিতে রাষ্ট্রের শাসন পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার করেছে।
সেনাবাহিনী ইতিমধ্যেই সেখানে জঙ্গিদের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে ফেলার জন্য বিমান হামলা ও কামানের গোলা দাগা শুরু করছে। বেসামরিক লোকজন পালাতে শুরু করেছে।
সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ খালিদ খান বলেছেন, জঙ্গিদের শক্ত আস্তনার দিকে অগ্রসরমান সেনাদের নিরাপত্তা বিধানের জন্য কার্ফ্যু জারি করা হয়েছে।
দক্ষিণ ওয়াজিরিস্তানের পার্শ্ববর্তী শহর ট্যাংক থেকে টেলিফোনে খালিদ খান রয়টার্সকে বলেন, "আগুয়ান সামরিক গাড়িবহরের নিরাপত্তার জন্য সড়কগুলোকে কার্ফ্যু জারি করা হয়েছে। বাজার ঘাট এর আওতার বাইরে রয়েছে।"
জঙ্গিরা গত ১২ দিনে একের পর এক ভয়াবহ হামলা চালিয়েছে। জাতিসংঘের অফিস, সেনা সদরদপ্তর, পুলিশ কেন্দ্র ও বেসামরিক নাগরিকদের ওপর এসব হামলায় দেড় শতাধিক মানুষ নিহত হয়েছে। দৃশ্যত সামরিক অভিযানের পরিকল্পনা নস্যাৎ করতেই জঙ্গির এ হামলা চালায়।
একজন গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, জঙ্গিদের এলাকায় সৈন্য, ট্যাংক ও গোলাবারুদ জড়ো করা হয়েছে। সেখানে টেলিফোন যোগাযোগও দৃশ্যত বন্ধ করে দেওয়া হয়েছে।
পাকিস্তানের লাহোর ও উত্তরপশ্চিমাঞ্চলের কয়েকটি পুলিশ কার্যালয়ে জঙ্গি হামলার পর শুক্রবার পেশাওয়ারের আরেকটি পুলিশ স্টেশনের কাছে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত হয়েছে।
সেনা প্রধান জেনারেল আশফাক কায়ানি শুক্রবার সরকার ও রাজনৈতিক নেতাদের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং সবাই একমত হন যে, জঙ্গিরা দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।
প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, "রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ও ওইসব উপাদানকে (জঙ্গি) উপড়ে ফেলতে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে।"
সামরিক অভিযান শুরুর সময় ও বিস্তারিত জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৪০৮ ঘ.
bdnews24