প্যারিস, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফ্রান্স আফগানিস্তানে আর কোনও সেনা পাঠাবে না। এর পরিবর্তে তারা বৃহত্তর আফগান সেনাবাহিনী দেখতে চায়। ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি বৃহস্পতিবার একটি পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে একথা বলেন।
যুক্তরাষ্ট্র আফগানিস্তানে বাড়তি ৪০ হাজার সেনা পাঠানোর চিন্তাভাবনা করছে। সেইসঙ্গে তালেবান বিরোধী অভিযানে মার্কিন বাহিনীর হাতকে শক্তিশালী করতে তারা ন্যাটো মিত্রদেশগুলোকে আরও সেনা মোতায়েনের আহ্বানও জানিয়েছে।
ব্রিটেন এ সপ্তাহে আফগানিস্তানে বাড়তি ৫০০ সেনা পাঠাতে প্রস্তুত রয়েছে বলে ঘোষণা দিয়েছে। কিন্তু সারকোজি লা ফিগারো দৈনিকে বলেছেন, তিনি আফগানিস্তানে আর সেনা না পাঠানোর পুরোনো অবস্থানে অটল।
সারকোজি বলেন, "আফগানিস্তানে থাকাটা কি জরুরি? আমি বলি হ্যাঁ। যুদ্ধ জয়ের জন্য থাকাটা জরুরি। আমরা না থাকলে পরমাণু শক্তিধর পাকিস্তান হুমকির মুখে পড়বে। কিন্তু ফ্রান্স আর একটি সেনাও সেখানে পাঠাবে না।"
তিনি বলেন, "আমার বিশ্বাস, আফগানিস্তানে আরও বেশি আফগান সেনা থাকা উচিত। যুদ্ধ জয়ের জন্য তারাই সবচেয়ে ভালো হবে। কারণ এটি তাদের দেশ।"
আফগানিস্তানে ইতোমধ্যেই নিয়োজিত আছে ন্যাটো বাহিনীর ব্রিটিশ, জার্মান, ফরাসি, ইতালীয় ও পোলিশ সেনাসহ ৪০ টিরও বেশি দেশের মোট ২১ হাজার সেনা। এর মধ্যে ফ্রান্সের সেনা সংখ্যা ৩ হাজার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৩৬ ঘ.
bdnews24