ওয়াশিংটন, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে খুব শিগগিরি বিপুল সেনা বাড়ানোর ঘোষণা দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামা প্রশাসন ইতোমধ্যেই ব্রিটিশ সরকারকে একথা জানিয়েছে। লন্ডনে বিবিসি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে রয়টার্স বুধবার একথা জানায়।
বিবিসি'র প্রতিবেদনে বলা হয়েছে, বাড়তি সেনা সংখ্যা ৪০ হাজারেরও বেশি হতে পারে। তবে এ তথ্যের কোনও সূত্র উল্লেখ করেনি বিবিসি।
হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বুধবার এ প্রতিবেদন নাকচ করে দিয়ে বলেছেন, প্রেসিডেন্ট এখনও সেনা সংখ্যার ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেননি।
রয়টার্স জানিয়েছে, ওবামা আফগানিস্তানের যুদ্ধ কৌশল নিয়ে বুধবার শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে তিন ঘন্টা বৈঠক করেছেন। এ বৈঠকে কেউ কেউ তালেবানদের চেয়ে আল কায়েদাকেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হুমকি বলে মত দিয়েছেন।
এ পরিস্থিতিতে ওবামা প্রশাসন তালেবানদের হুমকিকে কিভাবে দেখছে তার ওপরই নির্ভর করছে মার্কিন বাহিনীর জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টালের সুপারিশ অনুযায়ী ওবামা ৪০ হাজার বা তার বেশি সেনা আফগানিস্তানে পাঠাবেন নাকি আংশিক সেনা পাঠাবেন সে বিষয়টি।
মার্কিন কংগ্রেসে ওবামার দলের কয়েকজন ডেমোক্র্যাট আফগানিস্তানে সেনা পাঠানোর বিরোধিতা করেছেন। অন্যদিকে, রিপাবলিকানরা আফগানিস্তানে আরও সেনা পাঠানোর পক্ষে মত দিয়েছেন। তারা মনে করেন, ওবামার এ ব্যাপারে মনস্থির করে সামনে অগ্রসর হওয়া উচিত।
কিন্তু আফগানিস্তানে ৮ বছরের যুদ্ধে মার্কিন ও ন্যাটো সেনা হতাহতের ঘটনা বেড়েছে। যুদ্ধের প্রতি জনসমর্থনও কমে এসেছে।
হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে আফগানিস্তান নিয়ে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্যান্য ঊর্ধ্বতন সহযোগীদের সঙ্গে বুধবারের বৈঠকের পর আগামী সপ্তাহে আরেকটি বৈঠকের কথা রয়েছে। কর্মকর্তারা বলছেন, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ ভূমিকা সম্পর্কে সিদ্ধান্তের জন্য ওবামা সময় নেওয়ায় কোনও সিদ্ধান্ত হতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে।
হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস বলেন, বুধবারের বৈঠকে মূলত আলোচনা হয়েছে আফগানিস্তানে পুলিশ ও সেনাদের প্রশিক্ষণ ত্বরান্বিত করার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। যাতে তারা নিজে দেশের সুরক্ষায় সক্ষম হয়ে উঠতে পারে এবং যুক্তরাষ্ট্রের অভিযানের নিরাপত্তা বিধানে সহায়ক হয়ে উঠতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১৪২ ঘ.
bdnews24