মুম্বাই, ১৩ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের মহারাষ্ট্র, হরিয়ানা এবং অরুণাচল প্রদেশে বিধানসভার নির্বাচন হয়েছে মঙ্গলবার। এই তিনটি রাজ্যে, বিশেষ করে মহারাষ্ট্রে ভোটগ্রহণ বানচাল করতে মাওবাদী বিদ্রোহীদের হামলার আশঙ্কা থাকলেও বড় কোনো অঘটন ঘটেনি। (আরও তথ্যসহ-১)
এপ্রিলে সাধারণ নির্বাচনে বিপুল বিজয়ের পর কংগ্রেস পার্টির নেতৃত্বাধীন সরকারের জনপ্রিয়তার প্রথম বড় ধরনের পরীক্ষা হিসাবেই দেখা হচ্ছে এই নির্বাচনকে।
মহারাষ্ট্রের বনাঞ্চলে মাওবাদীদের শক্তঘাঁটি গাদচিরোলির কাছে একটি ভোটকেন্দ্রে পুলিশের সঙ্গে গুলিবিনিময় হয়েছে বিদ্রোহীদের। এখানে গত সপ্তাহে ১৭ জন পুলিশকে হত্যা করেছিল বিদ্রোহীরা।
ভোটের সময়ে ভারতের অর্থনৈতিক প্রধান কেন্দ্র মুম্বাইয়ের নিরাপত্তা বিধানে একযোগে তৎপর ছিল নৌ, বিমান ও আধাসামরিক বাহিনী। গত নভেম্বরে এখানে ইসলামি জঙ্গিদের হামলায় ১৬৬ জন নিহত হয়েছিল।
ভোট হওয়া তিনটি রাজ্যই কংগ্রেস পার্টির শাসনাধীন। মহারাষ্ট্রে মাওবাদীদের হামলার আশঙ্কায় কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ হয়। শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে তিনটি রাজ্যে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর ১ লাখেরও বেশি সদস্য। অরুণাচল প্রদেশে সকাল থেকে লাইন করে ভোট দিতে শুরু করে ভোটাররা। ইলেকট্রনিক মেশিনে ভোট গণনা শুরু হবে ২২ অক্টোবর।
চার দশকের মধ্যে অর্থনৈতিক মন্দার সবচেয়ে বাজে পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের নাজুক অবস্থার মধ্যে চলছে এই নির্বাচন। নির্বাচনের ফলের ওপরই নির্ভর করছে সরকার কতোটা দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধার করে সংস্কার কাজ এগিয়ে নিতে পারবে সে বিষয়টি।
বিশ্লেষকরা বলছেন, কংগ্রেস হরিয়ানা বিধানসভার ৯০ শতাংশ আসন এবং অরুণাচল প্রদেশে ৬০ শতাংশ আসনই ধরে রাখতে সক্ষম হবে। তবে মহারাষ্ট্রের ২৮৮টি আসনের জন্য প্রধান প্রতিপক্ষ বিজেপি ও কট্টরপন্থি হিন্দু দল শিবসেনার সঙ্গে কংগ্রেস ও এর মিত্র দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির হাড্ডাহাড্ডি লড়াই হবে।
'সেন্টার ফর দ্য স্টাডি অব ডেভেলপিং সোসাইটিস' নিয়ে কর্মরত সঞ্জয় কুমার এক মন্তব্যে বলেছেন, "রাজ্য নির্বাচনগুলোতে কংগ্রেস জয় পেলে নির্ধারিত প্রাথমিক নীতিমালা নিয়ে জোরকদমে এগিয়ে যাওয়ার ব্যাপারে তাদের আস্থা বাড়বে।"
তিনি আরও বলেন, নির্বাচনে বড় ধরনের জয় তাদের আরও বেশিকিছু করার জন্য আস্থা যোগাবে। আর ফলাফল মিশ্র হলে অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে বিলম্ব হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচবি/১৮০৪ ঘ.
bdnews24