ওয়াশিংটন, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের মন্দাবস্থা শেষ হয়েছে, তবে পরিবারগুলোর এখনো কম ব্যয়ের প্রবণতা এবং চাকরির বাজার চাঙ্গা না হওয়ায় অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি মন্থর। এক জরিপে সোমবার একথা বলা হয়েছে।
অর্থনীতির ত্রৈমাসিক সূচক পর পর চারবার নিুমুখী থাকার পর জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ উত্তরদাতারই এখন বিশ্বাস অর্থনীতি আবার প্রবৃদ্ধির মুখ দেখতে শুরু করেছে। অর্থনীতি নিয়ে পূর্বাভাস দেয় এমন ৪৪টি পেশাদার সংস্থার পরিচালিত এ জরিপ 'ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর বিজনেস ইকনোমিকস' (এনএবিই) প্রকাশ করেছে।
এনএবিই'র প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া লিন রিজার বলেছেন, "মন্দাদশা শেষ হয়েছে।"
তিনি বলেন, "ব্যবসায়ী অর্থনীতিবিদদের বেশিরভাগই মনে করেন, মন্দাবস্থা শেষ হয়েছে। তবে সাধারণত অর্থনীতির খাড়া পতনের পর এর পুনরুদ্ধার যে দ্রুতগতিতে হয়, এবার সেটা হবে অনেকটা মাঝারিমানের গতিতে।"
২০০৭ সালের ডিসেম্বরে শুরু এ মন্দা ছিল ১৯৩০ এর দশকের মহামন্দার পর সবচেয়ে দীর্ঘস্থায়ী ও গভীর। যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে ধস এবং বিশ্বব্যাপী ঋণবাজারের সংকোচন দশার কারণে এ মন্দার সূত্রপাত হয়েছিল।
চলতি মার্কিন অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকভাগে অর্থনীতি মাথা তুলেছে বলে বিশ্বাস করা হলেও বিশ্লেষকরা মনে করেন, সাধারণ আমেরিকানরা অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি বলেই হয়তো মনে করবে কারণ চাকরির মন্দাবস্থা ও ভোক্তার সংযম ২০১০ সাল পর্যন্ত চলতে থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭২৩ ঘ.
bdnews24