লন্ডন, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অধিকাংশ ব্রিটিশ আফগানিস্তান যুদ্ধের বিরোধী। তবে এই বিরোধিতার মাত্রা গত তিনবছরে খুব বেশি বাড়েনি। যদিও আফগানিস্তানে নিহতের সংখ্যা বাড়ছে। বিবিসি'র জন্য পরিচালিত এক জরিপে বুধবার এ তথ্য বেরিয়ে এসেছে।
জরিপ চালানো ৫৬ শতাংশ ব্রিটিশ আফগানিস্তানে সেনা অভিযানের বিপক্ষে মত দিয়েছে। অন্যদিকে, ৩৭ শতাংশ ব্রিটিশ সেনা অভিযানকে সমর্থন করেছে। আইসিএম জরিপের ফলে এমনটি দেখা গেছে।
তবে তিন বছর আগে পরিচালিত একই জরিপে সেনা অভিযানের বিপক্ষে মত দিয়েছিল ৫৩ শতাংশ ব্রিটিশ। আর পক্ষে মত দেয় ৩১ শতাংশ।
আফগানিস্তানের লড়াইয়ে ক্রমবর্ধমান সেনা হতাহতের ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন তীব্র সমালোচনার শিকার হচ্ছেন।
লেবার সরকারের সমালোচকরা বলছেন, আফগানিস্তানে নিয়োজিত ৯ হাজার ব্রিটিশ সেনা পর্যাপ্ত হাতিয়ার নেই। তাছাড়া আহত সেনাদের সেবা ব্যবস্থাও আরও উন্নত করা উচিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩৪ ঘ.
bdnews24