দুবাই, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আল কায়েদা জঙ্গিদের একজন শীর্ষ নেতা সিনচিয়াংয়ের উইঘুরদের প্রতি 'অত্যাচারী' চীনাদের বিরুদ্ধে জিহাদ শুরু করতে জোরেশোরে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশ্বের তাবৎ মুসলমানদের প্রতি এই জিহাদে সমর্থন জোগানোরও আহ্বান জানিয়েছেন তিনি।
একটি ইসলামি ওয়েবসাইটে বুধবার প্রচারিত ভিডিওতে আবু ইয়াহিয়া আল-লিবি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সাবেক পরাশক্তি সোভিয়েত ইউনিয়নের মতো একই পরিণতি হবে চীনের। প্রায় দু'দশক আগে ভেঙে যায় ওই কমিউনিস্ট পরাশক্তি দেশটি।
চীন উইঘুরদের ওপর ধ্বংসযজ্ঞ এবং তাদের আত্ম-পরিচয় মুছে ফেলার চেষ্টা চালাচ্ছে অভিযোগ কর লিবি বলেন, "নাস্তিক্যবাদের এই রাষ্ট্র পতনের দিকে এগিয়ে যাচ্ছে। রুশ ভল্লুকের (সোভিয়েত ইউনিয়ন) পরিণতি তাদের বেলায়ও ঘটবে।"
উইঘুররা মুসলমান এবং তারা চীনের সিনচিয়াং প্রদেশের স্থানীয় অধিবাসী। মধ্য এশিয়ার তুর্কি জনগোষ্ঠীর সঙ্গে তাদের সাংস্কৃতিক মেলবন্ধন রয়েছে। এ কারণে অনেক মুসলমানের কাছে অঞ্চলটির নাম 'পূর্ব তুর্কিস্তান'।
লিবি ভিডিওবার্তায় বলেন, "তাদের (উইঘুর) নিজ ধর্মে সত্যিকারভাবে প্রত্যাবর্তন ছাড়া নির্যাতন, অবিচার দূর হবে না... মহান আল্লাহর পথে যোগ দিতে জিহাদের জন্য আন্তরিকভাবে প্রস্তুতি নিতে হবে এবং চীনা দখলদারদের মোকবেলায় অস্ত্র হাতে নিতে হবে।"
তিনি চীনকে 'শয়তানি পন্থায়' ওই প্রদেশে মুসলমানদের দমিয়ে রাখতে অন্য জাতিসত্তার লোকদের সেখানে জড়ো করা এবং 'তাদের সম্পদ লুট ও সাংস্কৃতিক ও ধর্মীয়ভাবে তাদের নিষ্পেষিত' করে রাখার জন্যও চীনকে অভিযুক্ত করেন।
সিনচিয়াংয়ের সীমান্ত রয়েছে রাশিয়া, মঙ্গোলিয়া, কাজাকস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের সঙ্গে। এই বিশাল এলাকাটির ওপর নিয়ন্ত্রণ শিথিল করতে চায় না বেজিং। প্রচুর তেলসমৃদ্ধ এলাকাটি বর্তমানে চীনের প্রাকৃতিক গ্যাস উত্তোলনের প্রধান অঞ্চল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৪২ ঘ.
bdnews24