স্টকহোম, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পদার্থ বিজ্ঞানে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন চার্লস কাও, উইলার্ড বোয়েল ও জর্জ স্মিথ। ফাইবার অপটিকস ও সেমিকন্ডাকটর নিয়ে কাজ করার জন্য তাদের এ সম্মানে ভূষিত করা হয়েছে।
নোবেল কমিটি জানিয়েছে, এই তিন বিজ্ঞানী বর্তমান বিশ্বের নেটওয়ার্কভিত্তিক সমাজ গড়ায় অবদান রেখেছেন।
এক বিবৃতিতে কমিটি বলেছে, "প্রাত্যহিক জীবনের অনেক প্রায়োগিক উদ্ভাবনের পাশাপাশি বৈজ্ঞানিক আবিষ্কারের লক্ষ্যে অনেক নতুন উপকরণ জোগান দিয়েছেন তারা।"
সিঙ্গাপুরে জন্মগ্রহণকারী কাও একইসঙ্গে ব্রিটিশ ও আমেরিকান নাগরিক। তিনি পুরস্কারের প্রদেয় অর্থের অর্ধেক পাবেন। বোয়েল কানাডা ও যুক্তরাষ্ট্রের দ্বৈতনাগরিক। তিনি অপরবিজ্ঞানী আমেরিকান স্মিথের সঙ্গে পুরস্কারের বাকি অর্ধেক অর্থ ভাগাভাগি করে নেবেন।
পদার্থ বিজ্ঞানের জন্য নোবেল পুরস্কার প্রদানকারী কমিটি 'রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস' মঙ্গলবার ১০ মিলিয়ন সুইডিশ ক্রাউন (১ দশমিক ৪ মিলিয়ন ডলার) অর্থমূল্যের এই পুরস্কার ঘোষণা করে।
২০০৯ সালের এটি দ্বিতীয় বিষয়ে নোবেল পুরস্কার ঘোষণা। রীতি অনুযায়ী সোমবার প্রথম চিকিৎসাবিজ্ঞানের পুরস্কার ঘোষণা করা হয়।
ডিনামাইট আবিষ্কারক ও ব্যবসায়ী আলফ্রেড নোবেলের দান করা অর্থে ১৯০১ সাল থেকে বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে অবদানের স্বীকৃতিস্বরূপ নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৪৬ ঘ.
bdnews24