২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তালেবানদের পুনরুত্থানের জন্য সেনার অভাবকে দুষলেন গেটস

আফগানিস্তানে তালেবানদের পুনরুত্থানের জন্য অতীতে যথেষ্ট মার্কিন সেনা মোতায়েনে ব্যর্থতাকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2009, 06:18 AM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ওয়াশিংটন, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে তালেবানদের পুনরুত্থানের জন্য অতীতে যথেষ্ট মার্কিন সেনা মোতায়েনে ব্যর্থতাকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস। আগের বছরগুলোতে আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলোর আরও সেনা পাঠানোয় ব্যর্থতার কারণেই তালেবানদের দাপট বেড়েছে উল্লেখ করে গেটস বলেন, " আফগানিস্তানে যথেষ্ট সেনা পাঠাতে আমাদের এবং আমাদের মিত্রদের অক্ষমতার কারণেই তালেবানরা এখন পুনরায় মাথা চাড়া দিয়েছে বলে মনে হচ্ছে।" আফগানিস্তানে ক্রববর্ধমান তালেবান তৎপরতার মুখে যুক্তরাষ্ট্র সেখানে বাড়তি ৪০ হাজার সেনা পাঠানোর বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করছে। সর্বশেষ সহিংসতার ঘটনায় গত শনিবার আফগানিস্তানে ৮ মার্কিন সেনা নিহত হয়েছে। এক বছরেরও বেশি সময়ের মধ্যে আফগানিস্তানে এটি মার্কিন বাহিনীর পক্ষে সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির ঘটনা। গেটস বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামার আফগান কৌশল পর্যালোচনার ফল বিবেচনা না করে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে না। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে ধারণ করা একটি টিভি প্রোগ্রামে গেটস বলেন, "আমরা আফগানিস্তান ছাড়ছি না। আমাদের আফগানিস্তান ছাড়ার কোনও বিকল্প আছে বলেও আমি মনে করি না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২১৮ ঘ.