ব্যাংকক, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---বিশ্ব অর্থনৈতিক সংকটের কারণে অভিবাসী শ্রমিকদের চাহিদা কমে গেলেও নাটকীয়ভাবে এ চিত্র বদলে যেতে পারে। কারণ আগামী চারদশকে উন্নত দেশগুলোতে শ্রমিকের ঘাটতি দেখা দেবে। সোমবার জাতিসংঘের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে অর্থনৈতিক সংকট কাটতে শুরু করায় ধনী দেশগুলোতে কোম্পানিগুলোর পরিচালন ও নিয়োগসংক্রান্ত বিশাল খরচাপাতি কমার সুযোগ তৈরি হচ্ছে।
"বিশ্বমন্দা থেকে পুনরুদ্ধারের পরই অভিবাসী শ্রমিদের চাহিদা ফিরে আসবে।" অভিবাসন সংক্রান্ত ইউএনডিপি'র সর্বশেষ প্রতিবেদনে একথা বলেছেন প্রতিবেদনপ্রণেতা জেনি ক্রুগম্যান।
প্রতিবেদনে অভিবাসী শ্রমিকদের ওপর থেকে, বিশেষ করে অদক্ষ শ্রমিকদের ওপর থেকে নিয়ন্ত্রণ প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে যাতে, যখন সুযোগ হবে তখন যেন তারা চাকরি বদলাতে পারে।
ইউএনডিপির প্রতিবেদনটিতে বিভিন্ন দেশের প্রতি সংরক্ষণবাদ বাদ দিতে, শ্রম আইন উদার করতে, অন্যদেশের লোকদের প্রতি অহেতুক ভয় ও অভিবাসী শ্রমিক কমানোর প্রবণতা দূর করার আহ্বান জানিয়েছে। বলা হয়েছে, অভিবাসী শ্রমিকদের দেশে পাঠানো অর্থেই প্রধানত সংসার চালায় তাদের পরিবারগুলো।
অর্থনৈতিক কারণে গরিব দেশ থেকে বিদেশে অভিবাসী শ্রমিকেরা স্বদেশ থেকে প্রায় ১৫ গুণ বেশি উপার্জন করে। এর অর্থ উন্নত দেশে যেসব অভিবাসী নিয়োগ পাচ্ছে তারা নিজ দেশে স্কুলগামী শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ ও শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্য পরিমাণে কমানোর ক্ষেত্রে অবদান রাখছে।
ইউএনডিপি বলছে, আগামী চারদশকে উন্নত দেশে জনশক্তি কমে গিয়ে অভিবাসী শ্রমিকের চাহিদা আবার দেখা দেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬৪৭ ঘ.
bdnews24