পাদাং অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইন্দোনেশিয়ার ভূমিকম্প বিধ্বস্ত সুমাত্রার পাদাং শহরে জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে। খুলেছে স্কুল, বাজার-হাট। সোমবার শিশুরা স্কুলে গেছে। ভূমিকম্পের ধ্বংসস্তুপ সরানোর কাজ চলার পাশাপাশি শহরে ব্যবসা-বাণিজ্যের কাজও পুনরায় শুরু হতে দেখা গেছে।
পাদাংয়ে সোমবার কয়েকটি স্কুল খোলার পর হাইস্কুলের এক শিক্ষার্থী ত্রি রসবতীর প্রতিক্রিয়া, "স্কুল ভবন নিরাপদ। তবে বিদ্যুৎ, পানি কিছু নেই। আজ স্কুলে বেশির ভাগ ছাত্র-ছাত্রীই এসেছে এবং আমরা যথারীতি ক্লাস করেছি।"
তবে অন্য আরেকটি স্কুলে ছাত্র ছাত্রীরা ভবন ভেঙে পড়ার ঝুঁকির কারণে ক্লাস করতে পারেনি। তারা বাড়ি ফিরে যায়।
ইন্দোনেশিয়ার বিপর্যয় মোকাবেলা সংস্থা ভূমিকম্পে ১৮০,০০০ বাড়িঘর এবং ২০ হাজার ভবন ধ্বংস হয়ে যাওয়ার কথা জানিয়েছে। ধ্বংস হয়েছে বহু সরকারি কার্যালয়ও।
ভূমিকম্পের চারদিন পর ধ্বংসস্তুপ থেকে জীবিতদের উদ্ধারের আশা ক্ষীণ হয়ে পড়েছে। পাদাংয়ে নিহতদের জন্য গণকবর খুঁড়া হচ্ছে। ভূমিকম্পে অন্ততপক্ষে ৩ হাজার মানুষ নিহত হয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
পাদাংয়ের তুঙ্গল হিতাম সরকারি সমাধিস্থলে গর্ত খুঁড়ে মৃতদের গণকবর দেওয়া হচ্ছে।
ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী সিটি ফাদিল্লাহ সুপারি রয়টার্সকে টেলিফোনে বলেছেন, সরকারের হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা ৩ হাজারে দাঁড়াতে পারে। তিনি বলেন, আমরা ধ্বংসস্তুপ থেকে লোকজনকে জীবিত কিংবা মৃত উদ্ধারের চেষ্টা করছি।
পাদাংয়ের বাইরে প্রত্যন্ত এলাকায় ধ্বংসের পুরোচিত্র স্পষ্ট হচ্ছে। টিভি চিত্রে দেখানো হয়েছে, ভূমিধসে তলিয়ে গেছে অন্ততপক্ষে ৫ টি গ্রাম; পানির সব উৎস দুষিত হয়ে পড়ায় বেঁচে থাকারা শুধু ডাবের পানি খেয়ে প্রাণ রক্ষা করছে।
জাপান ও সুইজারল্যান্ডের অনুসন্ধানী কুকুর নিয়ে খোঁজা হচ্ছে কেউ আটকা পড়ে আছে কিনা।
স্বস্থ্যমন্ত্রণালয়ের ক্রাইসিস সেন্টারের প্রধান রুস্তম পাকায়া বলেছেন, "পারিয়ামান গ্রামে প্রায় ৬০০ জন নিহত হয়েছে। একটি গ্রামে ২০ মিটার উঁচু মিানরও মাটিতে মিশে গেছে। কোনও কিছুই বাকী নেই। আর তাই পুরো গ্রামটাই মাটির ৩০ মিটার গভীরে তলিয়ে গেছে বলে আমি ধারণা করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২৪৯ ঘ.
bdnews24