নয়াদিল্লি, অক্টোবর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- উত্তর কোরিয়ার একটি মালবাহী জাহাজ অনুমতি ছাড়াই ভারতের জলসীমায় নোঙর করায় জাহাজটিকে আটক করেছে ভারত। ভারতের নৌবাহিনীর এক মুখপাত্র রোববার একথা বলেছেন।
তিনি বলেন, দক্ষিণাঞ্চলীয় উপকূলে নোঙর করা জাহাজটি খালি এবং দোষী সাব্যস্ত করার মতো কিছু কোনও কিছু প্রাথমিক তদন্তে খুঁজে পাওয়া যায়নি।
নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার আওতায় জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলো জল, স্থল ও আকাশপথে উত্তর কোরিয়ার মাল পরিবহনগুলোকে আটক করাসহ নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী যে কোনও সামগ্রী ধ্বংস করতে পারে। উত্তর কোরিয়া মে মাসে পরমাণু বোমা পরীক্ষা চালানোর পর ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
উত্তর কোরিয়ার হাইয়াং রো জাহাজের ক্যাপ্টেন কেরালা কর্তৃপক্ষকে বলেন, "ট্যাংকের ভেতর দিক ফুটো হয়ে যাওয়ায় তিনি শুক্রবার ভারতে নোঙর করতে বাধ্য হয়েছেন।"ভারতের নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার রায় ফ্রান্সিস একথা জানিয়েছেন।
তিনি জানান, জাহাজটি কলোম্বো থেকে পাকিস্তানে যাচ্ছিল।
জাহাজটি খালি এবং দোষ ধরার মতো কিছু পাওয়া যায়নি বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০৯ ঘ.
bdnews24