সান ফ্রান্সিসকো, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিখ্যাত চলচ্চিত্র পরিচালক রোমান পোলানস্কি ১৩ বছরের যে মেয়েটির সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হয়েছিলেন তাকে ৫ লাখ ডলার দিয়ে ব্যাপারটি সামাজিকভাবে নিষ্পত্তি করতে রাজি ছিলেন। শনিবার লস এঞ্জেলেস টাইমস একথা জানায়।
পত্রিকাটি জানায়, ১৯৯৩ সালে ওই মেয়ে সামান্থা গেইমারের সঙ্গে পোলানস্কি এ ব্যাপারে একটি গোপন রফাতেও পৌঁছেছিলেন। শুক্রবার মামলার কাগজ পত্র ঘেঁটে এ তথ্য পাওয়া গেছে বলে পত্রিকাটি জানায়।
তবে পোলানস্কি শেষপর্যন্ত মেয়েটিকে ডলার দিয়েছিলেন কি-না সেটি স্পষ্ট নয় বলে জানিয়েছে পত্রিকাটি।
১৯৯৬ সালের আগস্টে মামলার চূড়ান্ত কাগজপত্র ফাইল করার সময়ও দেখা গেছে, পোলানস্কির কাছে মেয়েটির ৬ লাখ চার হাজার চারশ' ষোল ডলার পাওনা ছিল।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের একটি গ্রেপ্তারি পরোয়ানায় ৭৬ বছরের পোলানস্কিকে সুইজারল্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়। তবে পোলানস্কির আইনজীবী জানিয়েছেন, তারা তাকে যুক্তরাষ্ট্রে হস্তান্তরের বিপক্ষে আইনি লড়াই চালাবেন।
১৯৭৭ সালে ১৩ বছরের গেইমারের সঙ্গে অনৈতিকভাবে যৌন সম্পর্ক স্থাপনের জন্য পোলানস্কি দোষী সাব্যস্ত হন।
কিন্তু অস্কার জয়ী দি পিয়ানিস্ট, 'রোজমেরি বেবি' এবং 'চায়না টাউন' এর মতো চলচ্চিত্রের নির্মাতা পোলানস্কি ১৯৭৮ সালে যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৭৩৯ ঘ.
bdnews24