২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের দূরপাল্লার রকেট মোকাবেলায় পেন্টাগনের পরিকল্পনা

ইরানের দূর পাল্লার রকেট ধ্বংস করতে ২০১০ সালে যুক্তরাষ্ট্র নিজ মাটিতেই, দেশের পশ্চিমাঞ্চলে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে। ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বাদ দেওয়ার ওবামা প্রশাসনের চিন্তা-ভাবনা নিয়ে সৃষ্ট সমালোচনাকে পাশ কাটিয়ে পেন্টাগনের কর্মকর্তারা বৃহস্পতিবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2009, 11:41 AM

Updated : 26 Aug 2022, 12:08 PM

ওয়াশিংটন, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের দূর পাল্লার রকেট ধ্বংস করতে ২০১০ সালে যুক্তরাষ্ট্র নিজ মাটিতেই, দেশের পশ্চিমাঞ্চলে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে। ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বাদ দেওয়ার ওবামা প্রশাসনের চিন্তা-ভাবনা নিয়ে সৃষ্ট সমালোচনাকে পাশ কাটিয়ে পেন্টাগনের কর্মকর্তারা বৃহস্পতিবার একথা বলেছেন। পেন্টাগনের নীতি বিষয়ক প্রধান মাইকেল ফ্লাওরনয় প্রতিনিধি পরিষদের আমর্ড সার্ভিসেস কমিটিতে বলেন, "২০১০ সালের শেষে আলাস্কা ও ক্যালিফোর্নিয়ায় স্থলভিত্তিক ৩০টি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে।" এতে করে ইরানের আইসিবিএম ক্ষেপণাস্ত্রের হুমকি থেকে যুক্তরাষ্ট্র পরিপূর্ণ সুরক্ষা পাবে। ওবামা প্রশাসনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলও বাড়তি সুরক্ষা পাবে বলে কংগ্রেসকে জানিয়েছেন পেন্টাগনের কর্মকর্তারা। পেন্টাগনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল প্যাট্রিক ও'রেল্লি বলেছেন, ক্ষেপণাস্ত্র বিধ্বংসী এজিস ক্ষেপণাস্ত্রবাহী মার্কিন নৌবাহিনীর জাহাজ পূর্ব-ভূমধ্যসাগরে মোতায়েন করা হবে। এতে ইসরায়েল পরিপূর্ণ প্রতিরক্ষা পাবে।" ইরানের মতো 'দুর্বৃত্ত' রাষ্ট্রগুলোর হুমকি মোকাবেলায় ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার চেষ্টা বাদ দেওয়ার প্রেসিডেন্ট বারাক ওবামার পরিকল্পনা কংগ্রেসে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। রিপাবলিকান সমালোচকরা বলছেন, ওবামার ওই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপের কিয়দংশ ইরানের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইবিসিএম) হামলার মুখে অরক্ষিত হয়ে পড়বে। তবে এই উদ্বেগ নিয়ে একমত নয় ওবামা প্রশাসন। প্যাট্রিক বলেন, আলাস্কা এবং ক্যালিফোর্নিয়ার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে ইরান এবং উত্তর কোরিয়া দু'দেশের হুমকিই মোকাবেলা করা সম্ভব হবে। তবে অনেক সমালোচকের ধারণা, ওই স্থান দুটিতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলেও যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল পুরোপুরি সুরক্ষা পাবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/১৭৩৬ ঘ.