২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টোঙ্গায় আবারও ভূমিকম্প, সুনামিতে মৃতের সংখ্যা ২০০

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলোতে মঙ্গলবারের ভূমিকম্পে সৃষ্ট সুনামির পর শুক্রবার টোঙ্গার দক্ষিণে নতুন করে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে। ওদিকে, সামোয়ায় মঙ্গলবারের কয়েকদফা সুনামিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২০০ জনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2009, 07:08 AM

Updated : 26 Aug 2022, 12:08 PM

সামোয়া, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-------- প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলোতে মঙ্গলবারের ভূমিকম্পে সৃষ্ট সুনামির পর শুক্রবার টোঙ্গার দক্ষিণে নতুন করে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা একথা জানিয়েছে। ওদিকে, সামোয়ায় মঙ্গলবারের কয়েকদফা সুনামিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২০০ জনে। মঙ্গলবারের ৮ মাত্রার ভূমিকম্পে সৃষ্ট সুনামিতে সামোয়ায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৯ জনে। আমেরিকান সামোয়ায় নিহতের সংখ্যা ৩১ এবং টোঙ্গায় নিহতের সংখ্যা ৯ জনে দাঁড়িয়েছে। কর্মকর্তাদের আশঙ্কা গোটা শহরটাই ধ্বংস হয়ে গেছে এবং শত শত মানুষ নিখোঁজ রয়েছে। গৃহহীন হয়েছে সামোয়ার হাজার হাজার মানুষ। আহত হয়েছে শত শত লোক। ধ্বংস হয়ে যাওয়া গ্রামগুলোতে উদ্ধারকাজ চলছে। নিহতদের সমাহিত করা হচ্ছে। ধ্বংসস্তুপ সরিয়ে সামোয়া দ্বীপ পুনর্গঠনের কাজও শুরু করেছে কেউ কেউ। আবার অনেকেই দ্বীপটিতে আবারও সুনামির আশঙ্কায় আশেপাশের পার্বত্য অঞ্চলগুলোতে রয়ে গেছে। বুধবার ভোরে সাগরের তলদেশে রিখটার স্কেলে ৮ দশমিক ৩ মাত্রার মাত্রার ভূমিকম্পের পর ওই সুনামি আঘাত হানে। আমেরিকান সামোয়ায় এ সুনামিকে ভয়াবহ দুর্যোগ বলে ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। রেডিওতে সুনামির সতর্কতা সঙ্কেতের পরপরই আমেরিকান সামোয়ার রাজধানী পাগো পাগো এবং দ্বীপরাষ্ট্রটির দক্ষিণ উপকূলের গ্রাম ও অবকাশ কেন্দ্রগুলো প্রবল ঢেউয়ে প্লাবিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তাঘাট ও সৈকতে থাকা বহু মানুষকে এসময় প্রাণভয়ে ছুটে পালানোর চেষ্টা করতে দেখা য়ায়। রাস্তায় থাকা বহু গাড়ি পানির স্রোতে ভাসতে থাকে। উদ্ধার কর্মকর্তারা বলছেন, সৈকতের বালি থেকে অনেক লাশ খুঁজে পেয়েছেন তারা।। নিউজিল্যান্ডের সরকার বলেছে, প্রতিবেশী টোঙ্গার উপকূলীয় অঞ্চল প্রায় ১৩ ফুট উঁচু প্রবল ঢেউয়ে প্লাবিত হওয়ায় সেখানকার শহর জনপদে সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩০৯ ঘ.