নয়াদিল্লি, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের বিমানবাহিনী অভিযান পরিচালনা করতে গিয়ে মাওবাদী গেরিলাদের আক্রমণের সম্মুখীন হলে তাদের ওপর গুলি চালানোর জন্য সরকারের কাছে আগাম অনুমতি চেয়েছে। বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল পি ভি নায়েক বৃহস্পতিবার একথা বলেছেন।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং মাওবাদীদের সবচেয়ে বড় অভ্যন্তরীণ হুমকি হিসেবে বর্ণনা করেছেন এবং পুলিশবাহিনী তাদের বিরুদ্ধে অভিযানে নেমেছে। বিমান বাহিনী এই মুহূর্তে গোয়েন্দা তথ্য সরবরাহ এবং লোকজনকে সরিয়ে নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
বিমান বাহিনী জানিয়েছে, মাওবাদী বিদ্রোহীদের কাছে রকেট লঞ্চার ও স্বয়ংক্রিয় অস্ত্র রয়েছে এবং অভিযান বানচাল করতে নিয়মিতই তারা বিমানবাহিনীর হেলিকপ্টার লক্ষ্য করে গুলি ছুঁড়ছে।
নয়াদিল্লিতে নায়েক বলেছেন, "আমরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালানোর অনুমতি চেয়েছি।"
তবে তিনি এই মুহুর্তে মাওবাদী বিরোধী অভিযানে সরাসরি জড়িত হওয়ার কথা বাতিল করে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১৫৮ ঘ.
bdnews24