থিরুভানানথাপুরাম, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের কেরালা রাজ্যের একটি হ্রদে পর্যটকবাহী একটি নৌকা উল্টে নিহতের সংখ্যা ৪১ এ দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দ্বিতল নৌকাটিতে ৭৬ জন আরোহী ছিল। কর্মকর্তারা একথা জানিয়েছেন। (আরও তথ্যসহ-১)
পাহাড়ি জেলা ইদুক্কিতে জনপ্রিয় পর্যটন এলাকা থেক্কাডি অভয়ারণ্যে এ দুর্ঘটনা ঘটে। কয়েকটি খবরে বলা হয়েছে, হৃদের পাড়ে হাতি বা বন্যমহিষ দেখতে পর্যটকরা সবাই এক পাশে ছুটে গেলে নৌকাটি উল্টে যায়।
ডিস্ট্রিক্ট কালেক্টর অশোক কুমার সিং বলেছেন, "মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আরও লোককে আমরা এখনো খুঁজছি। সন্ধান তৎপরতা চলছে।"
এর আগে জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট পি কে কুত্তাপ্পাই বলেন, "আমরা ১৮ জন নিহত হওয়ার খবর পেয়েছি।"
স্থানীয় একজন আইনপ্রণেতা জানান, নৌকায় পাঁচজন বিদেশি পর্যটকও ছিল। এদের চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নৌবাহিনীর একটি হেলিকপ্টার উদ্ধারকাজে নেমেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০১৫ ঘ.
bdnews24