অক্সফোর্ড, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্বে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২ মিটার বৃদ্ধি ঠেকানো এখন প্রায় পুরোপুরি অসম্ভব ব্যাপার। অক্সফোর্ডে জলবায়ু নিয়ে এক সম্মেলনে বিশেষজ্ঞরা মঙ্গলবার একথা বলেছেন।
"সমুদ্রপৃষ্ঠের উচ্চতা নিয়ে মূল সমস্যা হল, এটা খুব ধীরে শুরু হয় এবং একবার শুরু হয়ে গেলে তা থামানো মূলত সম্ভব হয় না।" জার্মানি পটসডাম ইনস্টিটিউটের বিজ্ঞানী এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা নিয়ে ব্যাপকভাবে পরিচিত বিশেষজ্ঞ স্টেফান রাহমসটোর্ফ একথা বলেছেন।
তিনি বলেন, "এই উচ্চতা বৃদ্ধি ঠেকানোর আমি কোনো পথ দেখছি না। এমনকি গ্রিন হাউজ গ্যাস নির্গমনের মাত্রা শূন্যের কোঠায় নামিয়ে আনলেও না।"
রাহমসটোর্ফ বলেন, এখন সবচেয়ে ভাল যেটি করা যাবে তা হল, উষ্ণায়ন বৃদ্ধি থামানো গেলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা "আগামী কয়েক শতাব্দি ধরে" দ্রুতগতিতে না বেড়ে স্থিরভাবে বাড়বে।
বেশিরভাগ বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, মানুষসৃষ্ট গ্রিনহাউজ গ্যাস নির্গমনের কারণে বিশ্বের উষ্ণতা কমপক্ষে ২ ডিগ্রি কিংবা তারও বেশি বেড়ে যাবে। গত শতকে পৃথিবীর উষ্ণতা বেড়েছে ০ দশমিক ৭ থেকে ০ দশমিক ৮ ডিগ্রি।
রাহমসটোর্ফের হিসাবমতে, বিশ্বের উষ্ণতাবৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রিতে সীমিত রাখা সম্ভব হলেও আগামী কয়েক শতকে সাগরের উচ্চতা ২ মিটারই বাড়বে। এতে অনেক দ্বীপ রাষ্ট্র নিশ্চিহ্ন হয়ে যাবে।
তিনি সেরা যে ধারণাটি করতে পারছেন তা হল, ৩ ডিগ্রি উষ্ণতাবৃদ্ধি সাপেক্ষে এই শতাব্দিতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে মাত্র এক মিটার এবং পরবর্তী ৩০০ বছরে বাড়বে ৫ মিটার।
রাহমসটোর্ফ বলেন, "পৃথিবীকে শীতল করা ছাড়া এই বৃদ্ধি বন্ধ করতে আমাদের আর করার কিছু নেই। আর তা করতে হলে পৃথিবীর বাতাবরণ থেকে কার্বন ডাই অক্সাইড সরিয়ে ফেলতে হবে। কিন্তু এখন পর্যন্ত জ্ঞাত সীমায় তা করার কোনো পথ নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮৪৬ ঘ.
bdnews24