ইস্তাম্বুল, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ডাভোসের বিশ্ব অর্থনৈতিক ফোরামে গাজা পরিস্থিতি নিয়ে উত্তপ্ত বিতর্কে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশের পর শুক্রবার দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান। গাজা হামলায় ইসরায়েলকে অভিযুক্ত করে এরদোয়ান বলেন, "কিভাবে মানুষ হত্যা করতে হয় তারা তা খুব ভাল করে জানে।"
বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি হামলা নিয়ে বিতর্কে ক্ষুব্ধ এরদোয়ান ফোরাম ছেড়ে বেরিয়ে যান এবং আর ওই সম্মেলনে না ফেরার আভাস দেন।
সম্মেলনে ইসরায়েলের প্রেসিডেন্ট শিমন পেরেজ গত মাসের গাজা অভিযানে নিজ দেশের পক্ষ সমর্থন করার চেষ্টা করেন এবং জোর গলায় এরদোয়ানের দিকে আঙুল তুলে তার কাছে জানতে চান, ইস্তাম্বুলে প্রতিরাতে রকেট হামলা হলে তিনি কি করতেন?
এতে ক্ষিপ্ত হয়ে পেরেজের পাশে বসা এরদোয়ান বলেন, "হত্যার কথা বলতে গেলে, আপনারা এটি খুব ভাল করেই জানেন।" জাতিসংঘ মহাসচিব বান কিমুন এবং আরব লীগ প্রধান আমর মুসাও সেখানে উপস্থিত ছিলেন।
ইসরায়েলের বিরুদ্ধে এই তীব্র ক্ষোভ প্রকাশের পর শুক্রবার ডাভোস থেকে দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পান এরদোয়ান। তাকে স্বাগত জানাতে ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে তুরস্ক ও ফিলিস্তিনের পতাকা হাতে সমবেত হয় হাজার হাজার মানুষ। তারা 'তুরস্ক আপনাকে নিয়ে গর্বিত' স্লোগান দেয়।
জনতার উদ্দেশ্যে এরদোয়ান বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে বলেন, "আমাদের জনগণ যে কোনও প্রধানমন্ত্রীর কাছ থেকেই একই প্রতিক্রিয়া আশা করতেন।"
এরদোয়ান আরও বলেন, "তার এই প্রতিক্রিয়া ইসরায়েলের জনগণের বিরুদ্ধে নয়, এটি পুরোপরি ইসরায়েলি প্রশাসনের বিরুদ্ধে।"
ঐতিহাসিক দিক দিয়ে ধর্মনিরপেক্ষ দেশ তুরস্কের সঙ্গে ইসরায়েল ও আরব বিশ্বের সুসম্পর্কের নজির আছে।
এ মাসে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় তুরস্ক সহায়ক ভূমিকা পালন করেছে। বিশেষ করে ফিলিস্তিনি গেরিলা দল হামাসের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে তাদেরকে যুদ্ধবিরতিতে রাজি করানোর চেষ্টা নেয় তুরস্ক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১৫ ঘ.
bdnews24