সিউল, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- দক্ষিণ কোরিয়ার সঙ্গে সব সামরিক ও রাজনৈতিক চুক্তি বাতিল করছে বলে শুক্রবার জানিয়েছে উত্তর কোরিয়া। সিউল সরকার দু'দেশের সম্পর্ককে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে অভিযোগ করে উত্তর কোরিয়া ওই পদক্ষেপের ঘোষণা দেয়।
দক্ষিণ কোরিয়ার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা ও বাগযুদ্ধের মধ্যে উত্তর কোরিয়া সর্বশেষ এ ঘোষণা দিল।বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে নতুন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সর্বশেষ এই উত্তেজনা বৃদ্ধি থেকে দু'দেশের বিভক্ত সীমান্তে সামরিক সংঘাতের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা।
২০০২ এবং ১৯৯১ সালে দুই কোরিয়ার সীমান্তে রক্তক্ষয়ী লড়াই হয়েছিল।
শুক্রবার উত্তর কোরিয়ার কেসিএনএ সংবাদ সংস্থা দুই কোরিয়ার শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণ কমিটির উদ্ধৃতি দিয়ে বলেছে, "উত্তেজনা এত চরমে পৌঁছেছে যে, আন্তঃকোরিয়া সম্পর্ক যুদ্ধের দ্বারপ্রান্তে চলে এসেছে। সম্পর্ক উন্নয়নের আর কোনও পথ নেই কিংবা তা সঠিক পথে ফিরিয়ে আনারও আশা নেই।"
দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি বাতিল সম্পর্কে কমিটি জানায়, "প্রথমত, উত্তর ও দক্ষিণের মধ্যে রাজনৈতিক ও সামরিক সংঘাত অবসানে সংশ্লিষ্ট নানা ইস্যুতে উপনীত সব চুক্তি বাতিল হবে।"
"দ্বিতীয়ত, দক্ষিণের সঙ্গে সংহতি, অনাগ্রাসন, সহযোগিতা এবং বিনিময় সংক্রান্ত সব চুক্তিও বাতিল হবে।"
এ ব্যাপারে মন্তব্যের জন্য দক্ষিণ কোরিয়ার কোনও কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪০৪ ঘ.
bdnews24