নয়াদিল্লি, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মুম্বাই হামলার পর পাকিস্তানের সঙ্গে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পাওয়ায় প্রতিরক্ষা ব্যয় বাড়িয়েছে ভারত। দেশটির প্রতিরক্ষা গবেষণা দপ্তর বৃহস্পতিবার জানিয়েছে, সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে অভ্যন্তরীণ অস্ত্র উন্নয়ন প্রকল্পে তারা প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার খরচ করছে।
এই প্রকল্পের আওতায় চলতি বছরের মধ্যে সেনাবাহিনীর জন্য ১২৪টি ট্যাঙ্ক, নৌবাহিনীর জন্য স্থানীয়ভাবে নির্মিত উড়োজাহাজ এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করতে মনুষ্যবিহীন উড়োজাহাজ সশস্ত্র বিভাগে সংযোজনের পরিকল্পনা করা হচ্ছে।
সরকার পরিচালিত ডিফেন্স রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর মুখপাত্র সুরঞ্জন পাল বলেন, "এখন নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রকল্প শেষ করার এবং তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ এলাকায় অথবা ওই অঞ্চলে বড় ধরনের নিরাপত্তা হুমকি মোকাবেলায় এই সব সামরিক সরঞ্জাম পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই চাপ রয়েছে।"
গত নভেম্বরে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় ১৭৯ জন নিহত হওয়ার পর থেকে ভারত ও পাকিস্তানের সম্পর্কে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
ভারত ওই হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠিকে দায়ী করেছে এবং এর পেছনে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার মদদ রয়েছে বলে অভিযোগ করে আসছে। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে।
মুম্বাই হামলার পর থেকে ভারতের স্থানীয় গণমাধ্যম সামরিক বিভাগের মান্ধাতা আমলের অস্ত্র এবং দুর্বল পর্যবেক্ষণ ব্যবস্থার বিষয়টি ফলাও করে প্রচার করছে।
কৌশলগত নিরাপত্তা বিশেষজ্ঞ সি উদয় ভাস্কর বলেন, "আধুনিকায়ন প্রচেষ্টায় ধীর গতির কারণে ভারতের সামরিক সক্ষমতা কমে আসছে। তবে এখন এ বিষয়ে বেশ আগ্রহ দেখা যাচেছ।"
সশস্ত্র বিভাগের আধুনিকায়ন প্রকল্পের আওতায় রয়েছে, পরমাণু অস্ত্র বহন করে পাঁচ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অগ্নি-৫ ক্ষেপণান্ত্র এবং টর্পেডো ও নৌবাহিনীর ব্যবহার উপযোগী উড়োজাহাজের আধুনিকায়ন।
ভারত বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশ। কিন্তু সরকারি কর্মকর্তারা বলছেন, বিদেশি সরবরাহের উপর নির্ভরতা কমিয়ে নিজেদের তৈরি অস্ত্রের আধুনিকায়নের বিষয়টি এখন গুরুত্ব পাচ্ছে।
সুরঞ্জন পাল বলেন, "বিদেশি শক্তিগুলো নতুন নতুন আধুনিক প্রযুক্তির অস্ত্র সাধারণত আমাদের সরবরাহ করতে চায় না। কাজেই আমরা এখন নিজেদের অস্ত্রগুলোর আধুনিকায়নের উপর জোর দিচ্ছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৭৫৭ ঘ.
bdnews24