২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েতে ঐক্য সরকার গঠনে সম্মত স্যাঙ্গেরাই

জিম্বাবুয়ের বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) নেতা মরগান স্যাঙ্গেরাই বলেছেন, প্রেসিডেন্ট রবার্ট মুগাবের সঙ্গে ঐক্য সরকারে যোগ দিতে রাজি তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2009, 09:51 AM

Updated : 26 Aug 2022, 11:00 AM

হারারে, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়াটর্স) - জিম্বাবুয়ের বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) নেতা মরগান স্যাঙ্গেরাই বলেছেন, প্রেসিডেন্ট রবার্ট মুগাবের সঙ্গে ঐক্য সরকারে যোগ দিতে রাজি তিনি। ১৫ জাতির 'সাউথ আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি' (এএসএডিসি) আঞ্চলিক সম্মেলনে গৃহীত ঐক্য সরকারের প্রস্তাব তার দল নাকচ করে দেওয়ার পর তিনি একথা জানান। দক্ষিণ আফ্রিকার একটি পত্রিকা একথা জানিয়েছে। স্যাঙ্গেরাইয়ের এ কথায় তার দলের সঙ্গে তার মতবিরোধের বিষয়টি সামনে চলে এসেছে। দক্ষিণ আফ্রিকার স্টার পত্রিকা জানায়, স্যাঙ্গেরাই বলেছেন, সরকারের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুর সমাধান হওয়াটা "কাজের অগ্রগতি"। তিনি বলেন, "সবাই এ বিষয়ে একমত হয়েছে যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর সমাধান হওয়ায় এখন একটা জোট সরকার গঠন করা যেতে পারে।" তিনি আরও বলেন," যা কিছুই হোক, এ আলোচনার মূল বিষয়ই হল একটি জোট সরকার গঠন করা এবং আমি ওই বিষয়ে নীতিগতভাবে সম্মত।" মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় এসএডিসি'র বৈঠকে জিম্বাবুয়েতে জোট সরকার গঠনের বিষয়ে আলোচনা হয়। সেখানে গৃহীত প্রস্তাবটি প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে স্যাঙ্গেরাইয়ের দল এমডিসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৫৫০ ঘ.