২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজার সীমান্ত টানেলগুলোতে ইসরায়েলি বিমান হামলা

গাজা-মিসর সীমান্তবর্তী টানেলগুলোতে বিমান থেকে বোমা বর্ষণ করছে ইসরায়েল। বুধবার ভোরের আগেই সেখানে কমপক্ষে তিনটি বিমান হামলা চালায় তারা। ওই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও অপর এক বিমান হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2009, 07:24 AM

Updated : 26 Aug 2022, 11:00 AM

গাজা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - গাজা-মিসর সীমান্তবর্তী টানেলগুলোতে বিমান থেকে বোমা বর্ষণ করছে ইসরায়েল। বুধবার ভোরের আগেই সেখানে কমপক্ষে তিনটি বিমান হামলা চালায় তারা। ওই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও অপর এক বিমান হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বিশেষ দূত মধ্যপ্রাচ্য সফরে আসার মাত্র কয়েক ঘন্টা আগে এ বিমান হামলা চালালো ইসরায়েল। গাজার সীমান্তবর্তী রাফাহ শহরের বাসিন্দা এবং হামাসের নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন বিমান হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে কিছু লোকজন তাদের বাড়িঘর ছেড়ে পালাতে শুরু করেছে। ইসরায়েলের এক সেনা মুখপাত্র রাফাহ'র টানেলগুলোতে বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। হামাস এবং গাজার বাসিন্দারা ওই টানেলগুলো দিয়ে চোরাকারবারীর দ্রব্যাদি আনা নেওয়া করে বলে দাবি ইসরায়েলের। রাফাহর টানেলগুলোতে বিমান হামলার কিছু পরে অপর একটি বিমান হামলায় মোটরগাড়িতে থাকা এক ফিলিস্তিনি নিহত হন। নিহত ব্যক্তিকে মঙ্গলবারের ইসরায়েলি সেনাটহলে হামলার পরিকল্পনাকারী হিসেবে দাবি করেছে ইসরায়েল। রাস্তার পাশে পেতে রাখা ওই বোমা বিস্ফোরণে এক ইসরায়েলি সেনা নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩০০ ঘ.