বোস্টন, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- 'বাণিজ্যে বসতি লক্ষ্মী'- এ আপ্তবাক্যে বিশ্বাস কমে গেছে বিশ্ববাসীর। বিশ্ব অর্থনৈতিক সংকটে পর্যুদস্ত বড় বড় আর্থিক প্রতিষ্ঠাগুলো সরকারের কাছে সাহায্যের জন্য ধরনা দেওয়ায় সাধারণ মানুষ তাদের জীবনমানের সমৃদ্ধিতে এসব শিল্পের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। মঙ্গলবার প্রকাশিত এক জরিপের ফলে এই তথ্য জানা গেছে।
ব্যবসা-বাণিজ্যের খোঁজ রাখে এমন ২৫ থেকে ৬৪ বছর বয়সী লোকের ওপর জরিপ চালায় এডেলম্যান ট্রাস্ট ব্যারোমিটার নামে যুক্তরাষ্ট্রের একটি পাবলিক রিলেশন কোম্পানি। উত্তরদাতারা বলেছেন, এক বছর আগের চেয়ে ব্যবসা-বাণিজ্যের ওপর তাদের আস্থা কমে গেছে। উদীয়মান অর্থনীতির দেশের লোকজনের চেয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপের উত্তরদাতারা এই অনাস্থা প্রকাশ করেছেন বেশি।
সবচেয়ে বেশি হতাশা আয়ারল্যান্ডে। এখানকার ৮৩ শতাংশ উত্তরদাতাই ব্যবসার ওপর আস্থা হারানোর কথা জানিয়েছেন। এরপরেই ৭৯ ভাগ জাপানি বলেছেন, তারা উত্তরোত্তর উদ্বিগ্ন হয়ে পড়ছেন; ৭৭ ভাগ আমেরিকানে শঙ্কাও তাই।
গত শতাব্দীর ৩০ এর দশকের মহামন্দার পর বর্তমানে বিশ্বের তীব্র অর্থনৈতিক সংকটে লাখ লাখ লোক চাকরি হারিয়েছে। বিনিয়োগকৃত কোটি কোটি ডলার 'গায়েব' হয়ে যাওয়ার সঙ্গে উবে গেছে বাণিজ্যে বসতির আস্থাও।
জরিপকারি এডেলম্যান কোম্পানির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী রিচার্ড এডেলম্যান বলেন, "এটা ২০০১ থেকে ২০০৩ এর পরিস্থিতি নয়। সংকট 'ডটকম নিউ ইকনোমি' ধারণার কোম্পানির মধ্যেও সীমাবদ্ধ নেই। এই সংকট জেনারেল মোটর্সে; এই সংকট বড় বড় ব্যাংকে।"
"আপনার মানিব্যাগ থেকে শুরু করে অর্থনীতির মূল ক্ষেত্রে লেগেছে এই সংকট" বলেন এডেলম্যান।
যুক্তরাষ্ট্রে ৩৫ থেকে ৬৪ বয়স গ্র"পের মাত্র ৩৮ শতাংশ ব্যবসায় আস্থা রাখার কথা বলেছেন। আশাবাদীদের এই সংখ্যা গত বছর ছিল ৫৮ শতাংশ। যুক্তরাষ্ট্রে গত ১০ বছরে ব্যবসার ওপর এত কম মানুষের আস্থা আর দেখা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬৫৭ ঘ.
bdnews24