২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা সীমান্তে ইসরায়েলি সেনা নিহত

গাজা সীমান্তের কাছে মঙ্গলবার এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ফিলিস্তিনিরা জানিয়েছে, বন্দুকধারীদের গুলিতে সে নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2009, 08:56 AM

Updated : 26 Aug 2022, 10:59 AM

গাজা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- গাজা সীমান্তের কাছে মঙ্গলবার এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ফিলিস্তিনিরা জানিয়েছে, বন্দুকধারীদের গুলিতে সে নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী তাদের কোন সেনা নিহত হলে নিকট আত্মীয়কে জানানোর আগ পর্যন্ত খবরটি প্রকাশের ওপর সেন্সরশিপ আরোপ করে। তারা শুধু জানিয়েছে, গাজা উপত্যকায় কিসুফিম ক্রসিংয়ের কাছে ইসরায়েলি সীমান্ত ঘেঁষে একটি বোমা বিস্ফোরণ ঘটেছে। ইসরায়েলি সেনাবাহিনী হতাহতের খবর সম্পর্কে কোন মন্তব্য না করলেও আল অ্যারাবিয়া টেলিভিশন বিস্ফোরণে এক সেনা নিহত ও তিনজন আহত হওয়ার খবর দিয়েছে। গত ১৮ জানুয়ারি গাজায় ২২ দিনের ইসরায়েলি আগ্রাসন শেষ হওয়ার পর তাদের কোন সেনা নিহত হওয়ার এটাই প্রথম খবর। কিসুফিম ক্রসিংয়ের কাছে বসবাসকারী ফিলিস্তিনিরা রয়টার্সকে বলেছেন, ভোরের কুয়াশার ভেতর তারা ২/৩ জন বন্দুকধারীর একটি দলকে সীমান্ত বেড়ার দিকে এগুতে দেখেন। এরপরই আটটার দিকে বিষ্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। হামাস বা এর সহযোগী কোন জঙ্গিগোষ্ঠী এ হামলা চালানোর দাবি করেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৪৫৭ ঘ.