২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বেসামরিক মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্র-বিরোধী বিক্ষোভ

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিদেশি সেনা অভিযানে বেসামরিক মৃত্যুর জন্য প্রেসিডেন্ট হামিদ কারজাই ও তার পশ্চিমা মিত্র যুক্তরাষ্ট্রকে দায়ী করে রোববার বিক্ষোভ করেছে কয়েক হাজার আফগান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2009, 11:04 AM

Updated : 26 Aug 2022, 10:59 AM

মেহতার লাম, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিদেশি সেনা অভিযানে বেসামরিক মৃত্যুর জন্য প্রেসিডেন্ট হামিদ কারজাই ও তার পশ্চিমা মিত্র যুক্তরাষ্ট্রকে দায়ী করে রোববার বিক্ষোভ করেছে কয়েক হাজার আফগান। পূর্বাঞ্চলের লাঘমান প্রদেশে মার্কিন সেনাদের এক অভিযানে শনিবার ১৬ জন বেসামরিক আফগানের মৃত্যুকে কেন্দ্র করে সর্বশেষ এই বিক্ষোভের ঘটনা ঘটে। শনিবার মার্কিন সেনাবাহিনী জানায়, লাঘমানে এক অভিযানে ১৫ জঙ্গিকে হত্যা করেছে তারা। কিন্তু স্থানীয় অধিবাসীদের বিক্ষোভের মুখে ওই ঘটনা তদন্তের নির্দেশ দেন প্রেসিডেন্ট কারজাই। তদন্তের দায়িত্বে থাকা কারজাইয়ের উপদেষ্টা আসাদুল্লাহ ওয়াফা রোববার জানান, ওই ঘটনায় "বেশ কয়েকজন নারী ও শিশুসহ ১৬জন বেসামরিক আফাগন নিহত হয়েছে।" প্রাদেশিক রাজধানী মেহতার লামে এক সংবাদ সম্মেলনে কারজাইয়ের এ উপদেষ্টা বলেন, "আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এর (বেসামরিক মৃত্যুর) অবসান চাই।" প্রবল বৃষ্টি উপেক্ষা করে ওই বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার মানুষ। তারা প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং যুক্তরাষ্ট্র-বিরোধী শ্লোগান দেন। বিক্ষোভকারীদের একজন সংগঠক মালিক হজরত রয়টার্সকে বলেন, "বিদেশি সেনারা অভিযান বন্ধ না করলে আমরা জিহাদ শুরু করবো।" প্রাদেশিক গভর্নর বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করে তাদের কয়েকজনকে মার্কিন নেতৃত্বাধীন সেনাদের প্রতিনিধির সঙ্গে বৈঠক করার আমন্ত্রণ জানালে বিক্ষোভকারীরা তার দিকে পাথর ছুঁড়ে মারে। এতে বক্তব্য থামিয়ে স্থানত্যাগ করতে হয় তাকে। জাতিসংঘের তথ্য অনুসযায়ী, বিদেশি সেনা এবং যৌথ বাহিনীর অভিযানে আফগানিস্তানে এ পর্যন্ত প্রায় ৭০০ বেসামরিক আফগান নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েক হাজার মানুষ। বেসামরিক আফগানদের মৃত্যু নিয়ে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ তার পশ্চিমা সমর্থকদের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭০০ ঘ.