২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে দুই সন্দেহভাজন সন্ত্রাসবাদী নিহত

নয়াদিল্লির অদূরে নোইদায় একটি গাড়িকে ধাওয়া করে সন্দেহভাজন দুই সন্ত্রাসবাদীকে গুলি করে হত্যা করেছে পুলিশ। ভারতের পুলিশ রোববার জানিয়েছে নিহত ওই দুই ব্যক্তি পাকিস্তানি নাগরিক বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2009, 06:30 AM

Updated : 26 Aug 2022, 10:59 AM

নয়াদিল্লি, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - নয়াদিল্লির অদূরে নোইদায় একটি গাড়িকে ধাওয়া করে সন্দেহভাজন দুই সন্ত্রাসবাদীকে গুলি করে হত্যা করেছে পুলিশ। ভারতের পুলিশ রোববার জানিয়েছে নিহত ওই দুই ব্যক্তি পাকিস্তানি নাগরিক বলে ধারণা করা হচ্ছে। এ সময় সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে পুলিশের দুই সদস্য আহত হয়েছে। শনিবার মধ্যরাতের পর আনুমানিক ২ টার দিকে পুলিশ ওই দুইজনকে নোইদায় গুলি করে হত্যা করে। নোইদা পুলিশের ঊর্ধতন কর্মকর্তা নবীন অরোরা সাংবাদিকদের বলেন, " আমরা একে-৪৭ রাইফেল, গ্রেনেড ও একটি পাকিস্তানি পাসপোর্টসহ বেশকিছু কাগজপত্র উদ্ধার করেছি।" পুলিশের আরেক ঊর্ধতন কর্মকর্তা ব্রিজ লাল জানান, পাকিস্তানি পাসপোর্ট উদ্ধারের ফলে সন্দেহভাজনদের পাকিস্তানি বলে ধারণা করা হচ্ছে। ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনের একদিন আগে এ ঘটনা ঘটল। মুম্বাই হামলার পর এ বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ভারতে কড়া সতর্কতা জারি করা হয়েছে। গত নভেম্বরে মুম্বাইয়ের দুটি পাঁচতারকা হোটেলসহ কয়েকটি স্থাপনায় দশজন সন্ত্রাসীর একযোগে চালানো ওই হামলায় ১৭৯ নিহত হয়। ওই হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবাকে দায়ী করেছে ভারত। একইসঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো ওই হামলায় সহায়তা করেছে বলেও অভিযোগ করেছে ভারত। তবে পাকিস্তান তার কোনোপ্রকার রাষ্ট্রীয় সংশ্লিষ্টতার কথা বরাবরই অস্বীকার করে আসছে। মুম্বাই হামলা নিয়ে বৈরী দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২৩০ ঘ.