নয়াদিল্লি, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের হৃদপিণ্ডে শনিবার বাইপাস সার্জারি করা হবে। ক্ষমতাসীন কংগ্রেস পার্টিকে নেতৃত্ব দিয়ে আগামী মে মাসে জাতীয় নির্বাচনের বৈতরণী পার করার গুরুদায়িত্ব পালনের পর্যায়ে অস্ত্রোপচারের মুখোমুখি হচ্ছেন তিনি।
৭৬ বছর বয়সী মনমোহনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে জনমনে যে কোন সন্দেহ তার নির্বাচনী অভিযাত্রার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কংগ্রেসকে নেতৃত্ব দেওয়ার জন্য ভারতের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান রাহুল গান্ধী তার উত্তরসূরি হিসেবে আসছেন- গণমাধ্যমে এমন সরব খবরের মধ্যে ৭৬ বছর বয়সী মনমোহন শুক্রবার হাসপাতালে ভর্তি হচ্ছেন।
মনমোহনের অস্ত্রোপচার থেকে সেরে ওঠা পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।
আসন্ন নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন জোট জিতলে প্রধানমন্ত্রী পদে মনমোহন সিং বহাল থাকবেন বলে আশা করা হচ্ছে। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিজেপি নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদীদের জোটের সঙ্গে।
করোনারি আর্টারিতে এই অস্ত্রোপচারের ফলে মনমোহনের পক্ষে পুরোপুরিভাবে নির্বাচনী প্রচারণায় নামা সম্ভব হবে না। তবে বিশ্লেষকরা বলছেন, মৃদুভাষী এই অর্থনীতিবিদকে কখনোই মূল প্রচারণায় নামায়নি কংগ্রেস।
১৯৯০ সালে লন্ডনে একবার বাইপাস সার্জারি হয় মনমোহনের। ২০০৬ সালে কব্জিতে অস্ত্রোপচার এবং গত বছর পোস্টেট গ্লান্ডে অস্ত্রোপচার ও চোখের ছানি অপসারণ করা হয়।
বর্তমান অস্ত্রোপচার মনমোহনের শরীরের জন্য খুব একট ঝুঁকিপুর্ণ হবে না বলে মন্তব্য করেছেন হৃদরোগ বিশেষজ্ঞ ড. টি এস ক্লের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১৪০ ঘ.
bdnews24