চীনে মেলামিন কেলেঙ্কারিতে আরও বেশি জবাবদিহিতা চায় অভিভাবকরা
চীনে দুধে মেলামিন কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্ত শিশুদের বাবা-মায়েরা শুক্রবার সরকারের ক্ষতিপূরণের প্রস্তাব অপর্যাপ্ত বলে প্রত্যাখ্যান করে আরও বেশি জবাবদিহিতা দাবি করেছে। মেলামিন মিশ্রিত দুধ উৎপাদন ও তা বিক্রির ঘটনায় জড়িত থাকার দায়ে বৃহস্পতিবার দুইজনের মৃত্যুদণ্ড এবং ১৯ জনের কারাদণ্ড হওয়ার পর এ দাবি উঠল।
বেইজিং, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীনে দুধে মেলামিন কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্ত শিশুদের বাবা-মায়েরা শুক্রবার সরকারের ক্ষতিপূরণের প্রস্তাব অপর্যাপ্ত বলে প্রত্যাখ্যান করে আরও বেশি জবাবদিহিতা দাবি করেছে। মেলামিন মিশ্রিত দুধ উৎপাদন ও তা বিক্রির ঘটনায় জড়িত থাকার দায়ে বৃহস্পতিবার দুইজনের মৃত্যুদণ্ড এবং ১৯ জনের কারাদণ্ড হওয়ার পর এ দাবি উঠল।
মেলামিন মেশানো দুধ পান করে চীনে ৬ শিশুর মৃত্যু এবং প্রায় ৩০০,০০০ শিশু অসুস্থ হয়। এ ঘটনায় কমপক্ষে ৮ জন প্রাদেশিক কর্মকর্তা বরখাস্ত এবং খাবারের গুণগত মান যাচাইকারী প্রধান কর্মকর্তা পদত্যাগ করলেও কেউই অপরাধের অভিযোগে অভিযুক্ত হননি। রাষ্ট্রীয় গণমাধ্যম একথা জানিয়েছে।
মেলামিন মেশানো দুধ পানে অসুস্থ হয়ে পড়া শিশুদের বাবা-মায়েরা শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি আবেদন জমা দিয়েছেন। এই আবেদনে শ'শ অভিভাবকের নাম আছে।
অসুস্থ শিশুদের মধ্যে ৩ বছর বয়সী এক শিশুর বাবা ঝাও লিয়ানহাই রয়টার্সকে ওই আবেদন দেখান। এতে ক্ষতিগ্রস্ত অভিভাবকদের অদম্য ক্ষোভের বহি:প্রকাশ ঘটেছে এবং তারা এ ঘটনায় আরও বেশি জবাবদিহিতা দাবি করেছেন।
মেলামিন কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য সরকারের ক্ষতিপূরণের প্রস্তাব অপর্যাপ্ত বলে অভিভাবকরা তা প্রত্যাখ্যান করেছেন এবং শিশুরা কতোটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে সম্পর্কে আরও বেশিকিছু জানতে চেয়েছেন।
মেলামিনে মারা যাওয়া এক শিশুর অভিভাবকের উক্তি, " আমরা মেলামিনের প্রভাব সম্পর্কে আরও গবেষণা চাই।"
স্বাস্থ্যমন্ত্রণালয়ে জমা দেওয়া আবেদনে বলা হয়েছে, "শিশুরা প্রতিটি পরিবার এবং জাতির ভবিষ্যৎ।" সরকারের ক্ষতিপূরণ প্রস্তাব প্রত্যাখ্যান করে এতে বলা হয়, মেলামিন কেলেঙ্কারির শিকার হওয়া শিশুদের অভিভাবক হিসাবে আমরা মনে করি এই প্রস্তাব পারস্পরিক সমতার শর্ত মেনে এবং স্বেচ্ছা আলোচনার মধ্য দিয়ে করা হয়নি।"
আবেদনটি নিয়ে আলোচনা চলছে এবং মন্ত্রণালয় অভিভাবকদের এই আবেদন গ্রহণ করল কিনা তা দুদিন পর জানানো হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
এর আগে বৃহস্পতিবার মেলামিন কেলেঙ্কারিতে ঝাং ইয়ুজুনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। ঝাং ২০০৭ সালের অক্টোবর থেকে ২০০৮ সালের আগস্ট পর্যন্ত সময়ে মেলামিন মিশ্রত ৬০০ টন গুঁড়োদুধ উৎপাদন এবং বিক্রি করেছেন। কৌসুলিদের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় চায়না ডেইলি পত্রিকা এ মাসের শুরুতে একথা জানিয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেকজনের নাম গেন জিনপিং।
দুধে মেলামিন কেলেঙ্কারির কারণে দেশে-বিদেশে চীনের তৈরি খাবারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। মেলামিন মিশ্রিত দুধ উৎপাদনের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে সানলু ডেইরি ফার্মের সাবেক নির্বাহী কর্মকর্তাকে।
সানলুর অন্য তিনজন সাবেক নির্বাহী কর্মকর্তাকে ৫ থেকে ১৫ বছরের জেল দেওয়া হয়েছে। এই ফার্মের সাবেক জেনারেল ম্যানেজার তিয়ান ওয়েনহুয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে জনগণ। ৪৮ বছর বয়সী এক চীনা ঝেং সুঝেন এর উক্তি, "তাকে গুলি করা উচিত ছিল।" জুনে সানলু কোম্পানির মেলামিন মিশ্রিত দুধ পানের কারণে কিডনি নষ্ট হয়ে মারা যায় সুঝেনের মেয়ে।
নকল ও নিম্নমানের খাবার তৈরি ও বিক্রির অভিযোগে তিয়ান দোষী সাব্যস্ত হয়েছেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তিয়ানের ২৪ দশমিক ৫ মিলিয়ন ইয়ুন জরিমানাও হয়েছে।
গত সেপ্টেম্বরে মেলামিন কেলেঙ্কারি ধরা পড়ার পর জানা যায়, সানলু ফার্ম মেলইমন মিশ্রিত দুধ বিক্রির কথা জানত এবং তারা প্রায় ৯০০ টন দুধ বিক্রির জন্য বাজারে ছেড়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০৬ ঘ.
