ওয়াশিংটন ডিসি, ২১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--তাক লাগানো অভিষেক পার্টির আকাশ-ছোঁয়া উচ্চতা থেকে বারাক ওবামার পা ইতিমধ্যেই বাস্তবতার কঠিন মাটিতে। নিজেও যে বিষয়টা মাথায় রেখেছেন প্রথম দিন থেকেই তার প্রমাণ দিচ্ছেন নতুন প্রেসিডেন্ট।
উপদেশ আর নীতিকথার ফেনা না তুলে হোয়াইট হাউস থেকেই কাজের নমুনা দেখালেন ওবামা। নিজের স্টাফ, 'লবি ব্যবসায়ী' আর রাষ্ট্রীয় তথ্য প্রকাশ বিষয়ক কিছু অজনপ্রিয় সিদ্ধান্ত নিয়েছেন প্রথম দিন অফিস করেই।
শীর্ষ কর্মকর্তাদের শপথ নেওয়ার সময় এক বৈঠকে নতুন প্রেসিডেন্ট জানিয়ে দিলেন অনেকেরই বেতন আপাতত বন্ধ রাখা হবে। বছরে যাদের মাইনে লাখ ডলারের ওপরে তারাই এর আওতায় পড়বেন। তার মানে অন্তত একশ উর্দ্ধতন কর্মকর্তা।
"দেশের এই অর্থনৈতিক সঙ্কটের মধ্যে সাধারণ পরিবারগুলো হিসাব করে চলছে। ওয়াশিংটনকেও তাই করতে হবে," কর্মকর্তাদের বলেন ওবামা।
দায়িত্বের প্রথম দিনই অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচির খুটিনাটি ঠিক করতে অর্থনৈতিক উপদেষ্টাদের তলব করেন ওবামা। নতুন অর্ডার বুঝে নিতে ডাক পড়ে শীর্ষ সেনা কর্মকর্তাদেরও ।
কয়েকটি নির্বাহী আদেশে সই করেছেন যার মধ্যে রয়েছে চরম বিতর্কিত গুয়ান্টানামো বে কারাগার গুটিয়ে নেওয়ার প্রস্তাব। নিলেন হোয়াইট হাউসের সাবেক কর্মীদের লবিংয়ের দৌরাত্ম্য কমানোর উদ্যোগও। জানালেন কেন্দ্রীয় সরকার রাষ্ট্রীয় তথ্য প্রকাশ করার ব্যাপারে আরো উদার হবে।
ওবামা এদিন বলেন তিনি তার প্রশাসনের পথচলার নিয়মগুলোই ঘোষণা করছেন যা মার্কিন সরকারের ওপর নাগরিকদের আস্থা বাড়াবে।
হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস জানান,ওবামা ওভাল অফিসে ঢোকেন সকাল ৮টা ৩৫ এ। দশটা মিনিট নিজের মতো করে কাটানোর পরই ব্যস্ত হয়ে পড়েন 'দেশ ও জাতির সমস্যা' নিয়ে। একান্ত ওই সামান্য সময়টিতে তিনি সদ্য-সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের রেখে যাওয়া একটি চিরকুট পড়েন। এর ওপরে লেখা ছিল "৪৪ নম্বর এর প্রতি ৪৩ নম্বর।"
ঐতিহ্য অনুযায়ী নতুন প্রেসিডেন্টকে লেখা সাবেক প্রেসিডেন্টের চিরকুটটির বক্তব্য প্রকাশ করা হয়না।
এরপরই কাজ শুরু হয়ে যায়। দিনের ব্যস্ত কর্মসূচি নিয়ে কথা বলতে ৮টা ৪৫ এ আসেন চিফ অব স্টাফ রাম ইমানুয়েল। ফার্স্ট লেডি মিশেল ওবামা ওভাল অফিসে এসে স্বামীর সঙ্গে যোগ দেন ৯টা ১০ এর মধ্যে।
এরপর ওবামা মধ্যপ্রাচ্যের নেতাদের ফোন করেন একে একে। দীর্ঘদিনের এ সমস্যাটি সমাধানে নিজের আন্তরিকতা দেখানোই ছিল এর উদ্দেশ্য।
এক ফাকে ন্যাশনাল ক্যাথিড্রালে প্রার্থনায় যোগ দেন প্রেসিডেন্ট। বিকেলে নতুন বাসভবনে আপ্যায়ন করেন একদল অতিথিকে।
বিকেলেই একে একে অর্থনৈতিক উপদেষ্টা আর শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বসেন নতুন প্রেসিডেন্ট। অর্থনীতিই তার এক নম্বর এজেন্ডা এখন। অর্থনীতি চাঙ্গা করার প্যাকেজ ছাড়াও গত সপ্তাহে তার অনুরোধে কংগ্রেসের অনুমোদিত ৩৫০ বিলিয়ন ডলারের ট্রাবল্ড অ্যাসেট রিলিফ ফান্ডস নিয়েও আলোচনা করেন তারা।
প্রথম দিনের আরেক বড় ইসু ছিল ইরাক। শেষ বিকেলে প্রতিরক্ষামন্ত্রী ,শীর্ষ জেনারেল ও নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে বসেন প্রেসিডেন্ট। এবিসি নিউজ এর ভাষ্য অনুযায়ী, ইরাক থেকে ১৬ মাসের মধ্যে সব মার্কিন সৈন্য প্রত্যাহারের ব্যবস্থা করতে বলেছেন ওবামা। নির্বাচনে এ প্রতিশ্র"তিই দিয়েছিলেন তিনি।
প্রতিনিধি/এসকে/০২১১ঘ.
bdnews24