কাবুল, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানের তালেবানরা ক্ষমতা লাভের জন্য নয় বরং বিদেশি সেনাদের তাড়ানোর জন্যই লড়াই করে আসছে। কিন্তু নতুন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানে আরও সেনা পাঠিয়ে দেশটিতে অস্থিতিশীলতাই কেবল বাড়াবেন। সাবেক এক তালেবান কর্মকর্তা বুধবার একথা বলেছেন।
পাকিস্তানের সাবেক তালেবান রাষ্ট্রদূত মোল্লা আব্দুল সালাম জাইফ রয়টার্সকে বলেন, "ওবামা আফগানিস্তানে সেনা বাড়ানোর যে পরিকল্পনা করেছেন তাতে দেশটির কোনও উপকার হবে না। লড়াই সমস্যার সমাধান নয়।
২০ জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ওবামা খুব শিগগিরিই আফগানিস্তানে ন্যাটো ও মার্কিন বাহিনীকে শক্তিশালী করতে ৩০ হাজার অতিরিক্ত সেনা পাঠানোর পরিকল্পনা অনুমোদন করবেন বলে মনে করা হচ্ছে। তালেবান বিদ্রোহের বিরুদ্ধে জোর লড়াইয়ের উদ্যোগ নিতেই এই অতিরিক্ত সেনা মোতায়েন করা হবে।
জাইফ বলেন, মার্কিন সেনাদের আফগানিস্তানে পাঠানোর কোনও যৌক্তিকতা নেই। বেশি সেনা পাঠানে আফগানিস্তান আরও অস্থিতিশীল হবে, প্রতিবেশীদের জন্য পরিস্থিতির আরও অবনতি হবে এবং যুদ্ধ ব্যাপক আকার ধারণ করবে।
তিনি বলেন, "ওই পদক্ষেপ এ অঞ্চলে শঙ্কা এবং ক্ষোভ সৃষ্টি করেছে।এ অঞ্চলে পরমাণু অস্ত্রসমৃদ্ধ দেশ আছে। অতিরিক্ত সেনা পাঠালে তাদের মধ্যে শঙ্কা এবং বিরোধিতার মনোভাব জেগে উঠবে। ফলে তারা আরও বেশি করে আফগানিস্তানে হস্তক্ষেপ করবে।"
জাইফ আরও বলেন, "তালেবানরা আফগানিস্তানে ক্ষমতার জন্য কিংবা সরকারে অংশ নেওয়ার জন্য লড়ছে না। তাদের লক্ষ্য হচ্ছে আফগানিস্তান থেকে বিদেশিদের বিতাড়িত করা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২২ ঘ.
bdnews24