হাভানা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো বুধবার নীরবতা ভেঙে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট বারাক ওবামার 'মহৎ উদ্দেশ্যর' প্রশংসায় সরব হয়েছেন। তবে ৫ সপ্তাহের মধ্যে লেখা প্রথম মতামত কলামে তিনি এও লিখেছেন যে, মার্কিন নেতাকে বহু প্রশ্নের উত্তর দিতে হবে।
কয়েক মাস কলাম লেখার পর বেশকিছুদিন ধরে কাস্ত্রোর নীরবতার কারণে ৮২ বছর বয়সী এই নেতা মৃত্যুশয্যায় বলে ধারণা করছিলেন অনেকেই। এতদিন কলাম না লেখার কারণও কাস্ত্রো জানাননি।
বুধবার কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো বড় ভাই ফিদেলের মৃত্যুর দোরগোড়ায় থাকার গুজব নাকচ করার কয়েক ঘন্টা পরই তার লেখা ওবামার সপ্রশংস কলাম রাষ্ট্রপরিচালিত ইন্টারনেট ওয়েবসাইট 'ডব্লিউডব্লিউডব্লিউ কিউবাডিবেটডটসিইউ' এ প্রকাশ করা হয়।
এর আগে ফিদেলের ভালো থাকার খবর দিয়ে রাউল জানান, "তিনি শরীরচর্চা করছেন, অনেককিছু নিয়ে চিন্তা-ভাবনা করছেন, পড়াশুনা করছেন এবং আমাকে সাহায্য সহযোগিতা করছেন। আমি শিগগিরি ইউরোপ সফরে যাচ্ছি। ফিদেল গুরুতর অসুস্থ থাকলে কি আমি এ সফরে যেতে পারি?"
কাস্ত্রো বুধবার হাভানায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিন ফারনান্দেজ এর সঙ্গে দেখা করেন এবং কিউবা বিপ্লবের মধ্য দিয়ে ১৯৫৯ সালের ১ জানুয়ারি কিউবার ক্ষমতায় আসার পর থেকে ১০ জন মার্কিন প্রেসিডেন্টকে দেখার কথা উল্লেখ করে ১১ তম প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশংসা করেন।
কাস্ত্রো লেখেন, "১৯৫৯ সালের ১ জানুয়ারি পরবর্তী সময়ে ১১ তম মার্কিন প্রেসিডেন্ট ওবামা যে সমস্ত ধ্যান-ধারণা প্রকাশ করেছেন সেগুলোর সততা নিয়ে ব্যক্তিগতভাবে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। তবে এসমস্ত মহৎ উদ্দেশ্যর পরও তার বহু অমীমাংসিত প্রশ্নের জবাব দেওয়ার আছে।"
ওবামা যুক্তরাষ্ট্র-কিউবা সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া এগিয়ে নিতে চান বললেও কিউবার ওপর থেকে ৪৬ বছরের পুরোনো নিষেধাজ্ঞা তুলবেন না বলে জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৪৩ ঘ.
bdnews24