২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাপসৃষ্টি করবেন না: পাকিস্তান সেনাবাহিনী

পাকিস্তানের সেনাবাহিনী এই বাহিনীকে আরও বেশি তৎপরতা দেখিয়ে জঙ্গিবাদ দমনে আন্তরিকতার প্রমাণ দেখানোর চাপসৃষ্টি বন্ধ করার জন্য বহির্শক্তির প্রতি আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সেনা কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউসের ইসলামাবাদ সফরের সময় মঙ্গলবার সেনাবাহিনী এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2009, 03:36 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ইসলামাবাদ, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের সেনাবাহিনী এই বাহিনীকে আরও বেশি তৎপরতা দেখিয়ে জঙ্গিবাদ দমনে আন্তরিকতার প্রমাণ দেখানোর চাপসৃষ্টি বন্ধ করার জন্য বহির্শক্তির প্রতি আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সেনা কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউসের ইসলামাবাদ সফরের সময় মঙ্গলবার সেনাবাহিনী এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে। মার্কিন ভূখণ্ডে নাইন-ইলেভেনের হামলার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে কাজ করে আসছে পাকিস্তান। কিন্তু জঙ্গি গোষ্ঠীর সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর কিছু অংশের যোগসাজশ থাকার সন্দেহ দূর করতে পারেনি দেশটি। গত নভেম্বরে মুম্বাইয়ে জঙ্গি হামলার পর ভারতের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই সন্দেহের বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে। ভারত বলছে, মুম্বাই হামলার সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রীয় সংস্থার যোগ ছিল। পশ্চিমাশক্তিগুলো ভারতের এই অভিযোগে সমর্থন না জানালেও পাকিস্তানের প্রতি তালেবান ও আল কায়েদার বিরুদ্ধে যুদ্ধে, বিশেষ করে উত্তর-পশ্চিমে আফগান সীমান্তবর্তী এলাকায় তাদের দমন করতে আরও বেশি তৎপর হওয়ার আহ্বান জানিয়ে আসছে। বিবৃতিতে পাকিস্তানের সশস্ত্রবাহিনী বিভাগের প্রধান জেনারেল তারিক মজিদ দুঃখ করে বলেছেন, "বাইরের কিছু শক্তি পাকিস্তানকে আরও তৎপর হতে ও আন্তরিকতা দেখাতে বারবার কথার ফুলঝুরি ছোটাচ্ছে।" তিনি বলেন, "এ ধরনের উপকারহীন কথামালা অবশ্যই বন্ধ করতে হবে।" মজিদ বলেন, পাকিস্তানের সেনারা সন্ত্রাসবিরোধী লড়াইয়ে যেভাবে আত্মোৎসর্গ করছে তার কাছাকাছিও আত্মোৎসর্গের প্রমাণ নেই ওইসব কথার ফুলঝুরি ছোটানো শক্তিগুলোর। "পাকিস্তানকে আর কিছুর প্রমাণ দেওয়ার দরকার নেই" বলেন তিনি। ২০০১ সাল থেকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে প্রায় ১০০০ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/