ইসলামাবাদ, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুম্বাই হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে শুক্রবার দুই দিনের সফরে পাকিস্তান পৌঁছেছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড।
সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সঙ্গে বৈঠক করবেন। এছাড়া প্রেসিডেন্ট আসিফ আলি জারদারী, প্রধানমন্ত্রী ইউসুফ রাজ গিলানি এবংসেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানির সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে।
এর আগে বৃহস্পতিবার মুম্বাই সফর করেন মিলিব্যান্ড। সেখানে তিনি জঙ্গিদের একেবারেই বরদাশত না করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানান। এছাড়া মুম্বাই হামলার বিষয়ে ভারত-পাকিস্তান একে অপরকে সহযোগিতার আহ্বানও জানান তিনি।
এর আগে গত মঙ্গলবার মিলিব্যান্ড জানিয়েছিলেন, মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার সঙ্গে পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে সরাসরি জড়িত ছিল না বলে তিনি মনে করেন।
এক সংবাদ সম্মেলনে মিলিব্যান্ড বলেন, "আমি প্রকাশ্যেই বলছি, পাকিস্তানি রাষ্ট্রযন্ত্রের নির্দেশনায় মুম্বাই হামলা হয়েছে- একথা আমি বিশ্বাস করি না এবং এই বিষয়টি পরিষ্কার করা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।"
নভেম্বরে মুম্বাইয়ের দুটি পাঁচতারকা হোটেলসহ কয়েকটি স্থাপনায় সন্ত্রাসী হামলায় ১৭৯ জন নিহত হয়। ভারতের দাবি এই হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই- তৈয়্যবা দায়ী এবং পাকিস্তানের গোয়েন্দারা এর সঙ্গে জড়িত ছিল।
মিলিব্যান্ড অবশ্য বলেছেন, পাকিস্তান থেকেই যে মুম্বাই হামলার পরিকল্পনা করা হয়েছে এটা স্পষ্ট এবং ইসলামাবাদকে তাদের মাটিতে জঙ্গিদের অবশ্যই নির্মূল করতে হবে।
পাকিস্তান লস্কর-ই-তৈয়্যবার বিরুদ্ধে পাকিস্তান কঠোর ব্যবস্থা না নেওয়ায় হতাশ হয়ে পড়ছে ভারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮০০ ঘ.
bdnews24