ওয়াশিংটন, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে আল-কায়েদা নেতারা আর নিরাপদ নয়। তারা যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের প্রচণ্ড চাপের মুখে আছে। স্থানীয়রাও তাদের আর স্বাগত জানাচ্ছে না। সিআইএ প্রধান মাইকেল হেইডেন বৃহস্পতিবার এ মন্তব্য করেছেন।
সাংবাদিকদের কাছে হেইডেনের এই মন্তব্যে আল-কায়েদার নেতৃত্ব ভেঙে পড়ার ব্যাপারে বিদায়ী বুশ প্রশাসনের আত্মবিশ্বাসেরই বহিঃপ্রকাশ ঘটেছে।
হেইডেন তার আড়াই বছর মেয়াদে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদের ধরা ছোঁয়ার বাইরে থেকে যাওয়ায় হতাশা প্রকাশ করেন। তবে তিনি বলেন, লাদেন ও তার দলের শীর্ষ নেতারা পাকিস্তান সীমান্তের কাছে আর নিরাপদ নন।
তাছাড়া, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যবর্তী অঞ্চলটি আল-কায়েদার স্বর্গরাজ্য বলে যে জনশ্র"তি আছে সে সম্পর্কে হেইডেন বলেন, "আল-কায়েদার ঊর্ধ্বতন নেতৃবৃন্দ আজ আর এ অঞ্চলকে নিরাপদ কিংবা স্বর্গরাজ্য মনে করে না বলেই আমি বিশ্বাস করি।"
হেইডেন বলেন, "আমরা ও আমাদের পাকিস্তানি মিত্ররা এখানকার সমীকরণ বদলে দিয়েছি।" রয়টার্সের হিসাব মতে, ২০০৮ সালে আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রায় ৩০ টির মতো ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।"
যুক্তরাষ্ট্র সরকার এ সমস্ত হামলার কথা স্বীকার না করলেও জুলাই থেকে এ অঞ্চলে ৮ জন ঊর্ধ্বতন আল-কায়েদা নেতা নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী এক কর্মকর্তা এ সপ্তাহে একথা বলেছেন।
পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলাকে তাদের স্বার্বভৌমত্বের লঙ্ঘন বলে এর নিন্দা জানিয়ে আসছে। তবে পাকিস্তানের রাষ্ট্রদূত হুসেইন হক্কানি ওয়াশিংটনে বলেছেন, পাকিস্তানের সেনাবাহিনীর সহায়তায় আফগানিস্তানে জঙ্গি অনুপ্রবেশ কমতে শুরু করেছে। বরং এর পরিবর্তে এখন পাকিস্তানে জঙ্গি ঘাঁটিগুলোর সুরক্ষায় উল্টো আফগানিস্তান থেকেই আদিবাসী এলাকাগুলোতে জঙ্গি অনুপ্রবেশ ঘটছে।
তবে হেইডেন বলেন, সীমান্ত এলাকার অধিবাসীরা আর আল-কায়েদাদের স্বাগত জানাচ্ছে না। আর আল-কায়েদার ২য় শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি সক্রিয়ভাবে নানা তৎপরতা চালানোর কারণে তিনি লাদেনের আগে ধরা পড়াবেন বলেও হেইডেন মন্তব্য করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৫৩ ঘ.
bdnews24