২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে বিদ্যুৎ সংকটের মুখে প্রচণ্ডর ইউরোপ সফর বাতিল

বিদ্যুৎ ঘাটতি নিয়ে সরকারবিরোধী বিক্ষোভ ও অন্যান্য সমস্যার কারণে ইউরোপ সফর বাতিল করেছেন নেপালের মাওবাদী প্রধানমন্ত্রী প্রচণ্ড। তার এক সহযোগী বৃহস্পতিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2009, 01:52 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

কাঠনাণ্ডু, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিদ্যুৎ ঘাটতি নিয়ে সরকারবিরোধী বিক্ষোভ ও অন্যান্য সমস্যার কারণে ইউরোপ সফর বাতিল করেছেন নেপালের মাওবাদী প্রধানমন্ত্রী প্রচণ্ড। তার এক সহযোগী বৃহস্পতিবার একথা জানিয়েছেন। বিদ্যুৎ চাহিদা সরবরাহের তুলনায় নিতান্তই অপ্রতুল হয়ে পড়েছে জানিয়ে রাষ্ট্র পরিচালিত 'নেপাল ইলেকট্রিসিটি অথোরিটি' প্রতিদিন গড়ে প্রায় ১৬ ঘণ্টা লোড শেডিং করার পর থেকে রাজধানী কাঠমান্ডুতে সরকারবিরোধী বিক্ষোভ নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এছাড়া দেশের গোলযোগপূর্ণ দক্ষিণ-পূর্বাঞ্চলে এ সপ্তাহে আততায়ীর হামলায় এক বেতার নারী প্রতিবেদক নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ করে আসছে সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা। প্রধানমন্ত্রী প্রচণ্ডের মুখপাত্র ওম শর্মা রয়টার্সকে বলেন, "দেশের এই সংকটকালে বিদেশ সফরে না যাওয়াই ভাল বলে মনে করছেন প্রধানমন্ত্রী।" তিনি আরও বলেন, "বিদ্যুৎ সংকট চলছে। এছাড়া হত্যাকাণ্ড ও অন্যান্য সমস্যা আছে যা সমাধান করা দরকার। একথা চিন্তা করেই তিনি দেশে থাকবেন।" নরওয়ে ও ফিনল্যান্ডে এক সপ্তাহের সফরে আগামী শনিবার প্রচণ্ডের ইউরোপ যাওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটিই ছিল তার প্রথম নির্ধারিত ইউরোপ সফর। নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর রীতি অনুযায়ী প্রথম সফরে ভারতে না গিয়ে গত আগস্ট মাসে চীন সফরে যাওয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন প্রচণ্ড। তবে বেইজিং থেকে ফিরে সেপ্টেম্বরে নয়াদিল্লি সফর করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুরেশ প্রধান বলেন, "প্রধানমন্ত্রীর নির্ধারিত সফর স্থগিত করা হয়েছে এবং সফরের নতুন তারিখ পরবর্তীতে নির্ধারণ করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯২৮ ঘ.