নয়া দিল্লি, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল দীপক কাপুর বুধবার বলেছেন, গত নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর ভারত সীমান্ত বরাবর সেনা মোতায়েন করেছে পাকিস্তান। তবে ভারত এতে প্ররোচিত হয়নি বলে তিনি জানান।
কাপুর দিল্লিতে সাংবাদিকদের বলেন, "পূর্ব দিক থেকে পাকিস্তানি কিছু সেনা সীমান্তের দিকে এগিয়ে এসেছে... ... আমরা বিষয়টি অবগত আছি।"
তিনি জানান, সীমান্তে পাকিস্তানে সেনা মোতায়েনে ভারত প্ররোচিত হয়নি। নয়া দিল্লি যুদ্ধবাতিকগ্রস্ত হবে না।
নভেম্বরে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে দুটি পাঁচতারকা হোটেলসহ কয়েকটি স্থানে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে কমপক্ষে ১৭৯ জন নিহত হয়।
মুম্বাই হামলার পর পরমাণু শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে। বন্ধ রয়েছে দু'দেশের মধ্যকার শান্তি প্রক্রিয়াও।
মুম্বাই হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি গ্র"প লস্কর-ই-তৈয়্যবা দায়ী বলে অভিযোগ করে আসছে ভারত। তবে হামলার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই দাবি করে পাকিস্তান সরকার হামলা তদন্তে ভারতকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে। তারা জোর দিয়ে এও জানিয়েছে, পাকিস্তানের কেউ জড়িত থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৯৪০ ঘ.
bdnews24