মোগাদিসু, জানুয়ারি, ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সোমালিয়া সরকারকে সহায়তাকারী ইথিওপিয়ার সেনারা বৃহস্পতিবার পুরোপুরি চলে যাওয়ায় নেতৃত্বে শূণ্যতা দেখা দিয়েছে রাজধানী মোগাদিসুতে। এতে করে আরও বেশি রক্তক্ষয়ের আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছে।
আল-শাবাব বিদ্রোহী দলের মুসলিম কট্টরপন্থিরা মোগাদিসু ছেড়ে যাওয়া সেনাদের ওপর চোরাগোপ্তা হামলা চালানোসহ অন্যান্য মিলিশিয়াদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। বিদ্রোহী দলগুলোর মধ্যে ক্ষমতা দখলের লড়াই তীব্র আকার ধারণ করেছে।
মোগাদিসুর উপকণ্ঠের বাসিন্দা আহমেদ ফারাক্স নূর বলেছেন, "আমি ইথিওপিয়া বাহিনীর শেষ সেনাদলটিকে চলে যেতে দেখেছি। তারা বেশির ভাগই গাড়ির পাশে পাশে হেটে যাচ্ছিল।"
বানাদির অঞ্চলের ডেপুটি গভর্নর আবদিফাতা ইব্রাহিম শাওয়েই রয়টার্সকে বলেছেন, বাদবাকী ইথিওপীয় সেনারা তাদের সর্বশেষ ঘাঁটি ছেড়ে গেছে।
৩ হাজার ইথিওপিয় সেনা চলে যাওয়ায় সোমালিয়ায় সহিংসতা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকদের কেউ কেউ। আবার অনেকেই মনে করছেন সেনাদের চলে যাওয়াটা ইতিবাচক ফল বয়ে আনতে পারে।
২০০৬ সালে মুসলিম বিদ্রোহিদের বিরুদ্ধে লড়াইয়ে সোমালিয়া সরকারকে সহায়তা করতে সেনারা মোগাদিসুতে আসে। গত মঙ্গলবার থেকে তারা মোগাদিসু ছাড়তে শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি ১৯২৯ ঘ.
bdnews24