ওয়াশিংটন, ১৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রথম সপ্তাহের মধ্যেই কিউবায় গুয়ান্তানামো বে'র মার্কিন বন্দিশিবির বন্ধের নির্বাহী আদেশ দেবেন বারাক ওবামা। ওবামার অন্তর্বর্তীকালীন এক উপদেষ্টা সোমবার একথা বলেছেন।
কিন্তু গুয়ান্তানামো বন্দিদের কোথায় পুনর্বাসন করা হবে সে বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত ওবামার ওই নির্দেশের পরও শিবিরটি চটজলদি বন্ধের সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে।
নির্বাচনী প্রচারের সময় ওবামা বারবারই বিশ্বে যুক্তরাষ্ট্রের বন্দি নির্যাতনের প্রতীকে পরিণত হওয়া গুয়ান্তানামো কারাগার বন্ধের কথা বলে এসেছেন।
ওবামার উপদেষ্টা রয়টার্সকে বলেন, "গুয়ান্তানামো বন্ধের নির্বাহী আদেশ দেওয়া হবে। আর তা হবে ওবামার দায়িত্ব গ্রহণের প্রথম কয়েকদিনের মধ্যেই।"
ওবামার এ পদক্ষেপকে বিশ্ব স্বাগত জানাবে বলেই মনে করা হচ্ছে। তবে এটি হবে প্রধানত একটি প্রতীকী পদক্ষেপ। কারণ, রোববার এক সাক্ষাৎকারে ওবামা নিজেই বলেছেন, ওই কারাগার বন্ধ করতে কিছুটা সময় লাগবে।
এবিসি টেলিভিশন নেটওয়ার্কে ওবামা বলেন, ওই কারাগারে বহুসংখ্যক লোক আটক রয়েছে। যাদের বিচার করা হয়নি তাদের আনেকেই খুব বিপজ্জনক হতে পারে।
তবে এই শিবির বন্ধের বিষয়টি আলোচনার উর্ধ্বে উল্লেখ করে ওবামা বলেন, "আমরা গুয়ান্তানামো বন্ধ করব এবং সংবিধান অনুযায়ীই এটি বন্ধের প্রক্রিয়া নেওয়ার নিশ্চয়তা দেব। বিশ্বকে আমরা এ বার্তাই দেব যে, আমরা আমাদের মূল্যবোধ সম্পর্কে সচেতন।"
ওই কারাগার বন্ধ করতে হলে ওবামা প্রশাসনকে প্রতিশ্র"তি অনুযায়ী বন্দিদের ভাগ্য নির্ধারণ করা, মানবিক পন্থায় বন্দিদের জ্ঞিাসাবাদ পদ্ধতি চালুসহ অন্যান্য আরও অনেক ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।
গুয়ান্তানামো বন্দিশিবিরে প্রায় ২৫৫ জন সন্দেহভাজন সন্ত্রাসী আটক রয়েছে। এই শিবিরে নির্যাতনমূলক বন্দি জিজ্ঞাসাবাদ পদ্ধতির জন্য বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪০১ ঘ.
bdnews24