২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে প্রায় ২৫০ জন নিখোঁজ

ইন্দোনেশিয়ার ডুবে যাওয়া ফেরির প্রায় ২৫০ জন এখনও নিখোঁজ রয়েছে। তাদের হদিস পেতে জোর অনুসন্ধান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। তবে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। রোববার ইন্দোনেশিয়ার সুলাবেসি থেকে ২৫০ জন যাত্রী ও ১৭ জন ক্রু নিয়ে সামারিন্দায় যাওয়ার পথে ফেরিটি ঝড়ে ডুবে যায়। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2009, 08:49 AM

Updated : 26 Aug 2022, 10:56 AM

পারি-পারি, ইন্দোনেশিয়া, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্দোনেশিয়ার ডুবে যাওয়া ফেরির প্রায় ২৫০ জন এখনও নিখোঁজ রয়েছে। তাদের হদিস পেতে জোর অনুসন্ধান চালাচ্ছে উদ্ধারকর্মীরা। তবে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। রোববার ইন্দোনেশিয়ার সুলাবেসি থেকে ২৫০ জন যাত্রী ও ১৭ জন ক্রু নিয়ে সামারিন্দায় যাওয়ার পথে ফেরিটি ঝড়ে ডুবে যায়। (আরও তথ্যসহ) ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, রোববার সকালে ডুবে যাওয়া ফেরি থেকে এ পর্যন্ত মাত্র ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ২৪৪ জন এখনও নিখোঁজ। উদ্ধার হওয়া একজন দানেগ গ্যাসিং বলেন, তিনি কোনওরকমে একটুকরো কাঠ ধরে ভেসেছিলেন এবং আরও ৫ জনকে টেনে এনেছিলেন। কিন্তু এরই মধ্যে তার ছেলে ও শ্বশুর হারিয়ে যায়। গ্যাসিং বলেন, "আমি আমার ছেলেকে পিঠে নিয়ে সাঁতরে কাঠের টুকরার কাছে যাই। কিন্তু একটি বড় ঢেউ এসে ছেলেকে ভাসিয়ে নিয়ে যায়।" যাত্রী তালিকা অনুযায়ী, ফেরিতে ২৫০ জন যাত্রী ও ১৭ ক্রু ছিল। কিন্তু এ তালিকার বাইরে কতজন ছিল তা নিশ্চিতভাবে না জানা থাকার কারণে নিহতের সংখ্যা ধারণার চেয়েও বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে। বেঁচে যাওয়া যাত্রী গ্যাসিং জানান, তার নাম যাত্রী তালিকায় নেই। কারণ, তিনি ফেরিতে উঠে টিকিট কেটেছিলেন। পারে-পারে বন্দরের নৌ নিরাপত্তা বিভাগের প্রধান তৌফিক বুলু টেলিফোনে জানান, "আমরা যা ভেবেছি তার চেয়েও বেশি লোক নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা ফেরিটি ডুবে যাওয়ার সময় যাত্রীরা সব ঘুমিয়ে ছিল।" তিনি আরও জানান, তালিকায় ২০০ টিকিট বিক্রির রেকর্ড আছে। আরও ৫০ টি নাম যোগ হয়েছে ফেরি ছাড়ার ঠিক আগ মুহূর্তে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্যোগ মোকাবেলা কেন্দ্রের প্রধান রুস্তম পাকায়া জানান, রোববারের ফেরি দুর্ঘটনায় এ পর্যন্ত ছয়জন নিহত হওয়ার নিশ্চিত খবর পাওয়া গেছে। বিশ্বের সর্ববৃহৎ দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া তার দ্বীপগুলোর মধ্যে যোগাযোগের জন্য ফেরির ওপরই নির্ভর করে। কাঠামোগত কারণ ও ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করার জন্য ইন্দোনেশিয়ায় ফেরি দুর্ঘটনা একটি নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯৪৩ ঘ.